সাতকানিয়ায় পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময়
সাতকানিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দুই দফায় মতবিনিময় করেন। উপজেলা পরিষদ মিলনায়তন ও সাতকানিয়া সদর কালীবাড়িতে এই দুটি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মো. নেজামুদ্দিন, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজীব দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, ফরিদুল আলম, আমিলাইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী, ধর্মপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এ দেশে দীর্ঘকাল ধরে বিভিন্ন ধর্মের লোকজন সম্প্রীতির বন্ধনে মিলেমিশে বসবাস করে আসছে। আসন্ন দুর্গাপূজায় এ বন্ধন অটুট রাখতে হবে। পাশাপাশি নজর রাখতে হবে, কেউ যেন উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।