সাতকানিয়া উপজেলায় দুই বছর ধরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তার সাতটি পদের মধ্যে চারটিই শূন্য। কর্তব্যরত তিনজন সহকারী শিক্ষা কর্মকর্তার মধ্যে একজন আবার ভারপ্রাপ্ত। শূন্য রয়েছে একজন উচ্চমান সহকারীর পদও। এতে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ের প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন কাজে প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের। ৪২ জন শিক্ষক-শিক্ষিকা এক বছর আগে আবেদন করেও টাইম স্কেল পাচ্ছেন না। কার্যালয়ে দালালের দৌরাত্ম্যও বাড়ছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম ইউসুফ বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় দাপ্তরিক ও মাঠ পর্যায়ের কাজ ব্যাহত হচ্ছে।’ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘একাধিক পদ শূন্য থাকায় আমাদের ওপর কাজের চাপ বেশি। ফলে অনেক সময় দায়িত্ব পালন করাও কঠিন হয়ে পড়ে।’ তবে তিনি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। জানা গেছে, জনবলসংকটের কারণে দীর্ঘদিন ধরে উপজেলা শিক্ষা কমিটির কার্যক্রমও বন্ধ রয়েছে। শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এম এ মোনাফ। অথচ তিনি এ ব্যাপারে অবহিত নন। তিনি বলেন, ‘আমি শিক্ষা কমিটির সভাপতি কি না জানি না।’ ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘শিগগিরই শিক্ষা কমিটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।’ এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবেশচন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।