সাতকানিয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা
সাতকানিয়া উপজেলার হাতিয়ারকুল এলাকার হাজি ছিদ্দিক আহমদ ট্রাস্টের উদ্যোগে ২৫ ডিসেম্বর গরিব ও দুস্থ রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি হোমিও চিকিৎসাসেবারও ব্যবস্থা ছিল। হাতিয়ারকুল এলাকার ছিদ্দিকীয়া দাখিল মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক মো. আলমগীর ছিদ্দিকী। চিকিৎসা শিবির উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল চট্টগ্রাম জেলা গভর্নর শাহ আলম। বক্তব্য দেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু তাহের, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সাতকানিয়ার মির্জাখীল শাখার ব্যবস্থাপক মো. মামুন উর রশিদ, ছিদ্দিকীয়া দাখিল মহিলা মাদ্রাসার সুপার মো. ছগির আহমদ প্রমুখ।
শিবিরে ৪৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওষুধও দেওয়া হয়েছে। এ ছাড়া সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সতিপাড়া এলাকার প্রতিবন্ধী মো. আবু বকর ছিদ্দিককে (৪০) একটি হুইলচেয়ার দেওয়া হয়।