সাতকানিয়ায় বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া কার্তিকের দোকান কেরানীহাট সড়কের ইট ও খোয়া উঠে গিয়ে নানা স্থানে এমন খানাখন্দের সৃষ্টি হয়ে​েছ। ছবিটি গত ৩০ জুন তোলা l প্রথম আলো
সাতকানিয়া কার্তিকের দোকান কেরানীহাট সড়কের ইট ও খোয়া উঠে গিয়ে নানা স্থানে এমন খানাখন্দের সৃষ্টি হয়ে​েছ। ছবিটি গত ৩০ জুন তোলা l প্রথম আলো

সড়কের কোথাও ইট উঠে গেছে, কোথাও একাংশ বিলীন হয়ে গেছে পাশের খালে-বিলে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় এমন বেহাল হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কার্তিকের দোকান-কেরানীহাট সড়কের।
সাতকানিয়া উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ স্থাপনকারী এই সড়কের দৈর্ঘ্য ৩ কিলোমিটার ও প্রস্থ প্রায় ১০ ফুটের মতো। এলজিইডির আওতাধীন ইট বিছানো এই সড়ক দিয়ে দুই ইউনিয়নের আটটি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তবে ভাঙা সড়ক কেড়ে নিয়েছে বাসিন্দাদের চলাচলের স্বস্তি।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে অটোরিকশা ও রিকশা চলাচল করে। মাঝেমেধ্য পণ্য নিয়ে ট্রাকও যাতায়াত করে। তবে গত তিন বছরে সংস্কার না হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই বর্ষায় সড়কটির আরও ক্ষতি হয়েছে। তবে এরপরও ঝুঁকি নিয়ে চলছে হালকা যানবাহন।
গত ৩০ জুন সরেজমিনে দেখা গেছে, সড়কে হেলেদুলে চলছে রিকশা ও অটোরিকশা। খানাখন্দে পড়ে সড়কে আটকে পড়া যানবাহন ঠেলে তুলছেন যাত্রী ও চালক।
উপজেলার কেরানীহাট থেকে সড়কটি পশ্চিম দিকে চলে যাওয়া সড়কটির আধা কিলোমিটার এলাকায় ইটের খোয়া ও বাকি অংশে ইট বিছানো হয়েছে। তবে এখন খোয়া ও ইট সরে গিয়ে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সড়কের কোনো কোনো স্থানের ইট পাশের খালেও বিলীন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কার্তিকের দোকান-কেরানীহাট সড়কটি দিয়ে অন্তত তিন হাজার মানুষ নিয়মিত চলাচল করে। প্রতিদিন সড়কটি দিয়ে ঢেমশা উচ্চবিদ্যালয় ও কেরানীহাট ফাজিল মাদ্রাসায় অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। তা ছাড়া বিভিন্ন গ্রামে উৎপাদিত বিভিন্ন মৌসুমি সবজি ও কৃষিপণ্য এই সড়ক দিয়ে কেরানীহাটসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়ে যাওয়া হয়।
নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা আহমদ হোসেন (৫৩) বলেন, একসময় সড়কটি কাঁচা ছিল। বছর তিনেক আগে সড়কটিতে ইট বিছানো হয়। গত বছরের বন্যায় সড়কটির কয়েকটি স্থান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া অতিরিক্ত ও ভারী গাড়ি চলাচল করার কারণে সড়কটির স্থানে স্থানে ইট সরে গিয়ে বেহাল হয়ে পড়েছে।
সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক ওসমান গণি (৩০) বলেন, ‘সড়কটি দিয়ে গাড়ি চালাতে গেলে প্রায় সময়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। এ কারণে যাত্রীদের যেমন কষ্ট সহ্য করে চলতে হচ্ছে, তেমনি আমাদের প্রায় সময় গাড়ি মেরামতের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।’ ঢেমশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রিদুয়ান উদ্দিন বলেন, ‘সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হবে। আশা করছি, সড়কটির সংস্কারে বেশি দিন সময় লাগবে না।’
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার হোসেন বলেন, গত বছরের বন্যায় সড়কটির কিছু কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, আগামী অর্থবছরে সড়কটির সংস্কারকাজ শুরু করা যাবে।’