চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক ও প্রশাসনিক কাজেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪১টি। এর মধ্যে আগের সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০৪টি এবং নতুন জাতীয়করণ করা হয়েছে ৩৭টি। এসব বিদ্যালয়ের মধ্যে ৪০টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। তা ছাড়া সহকারী শিক্ষকের পদশূন্য আছে ১২০টি। এসব বিদ্যালয়ে দুই পালায় পাঠদান চলে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার আমিলাইশের হিলমিলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এওচিয়ার ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে দুজন করে শিক্ষক দিয়ে। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিভিন্ন সময়ে দাপ্তরিক ও প্রশাসনিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। ফলে পাঠদান চালাতে হচ্ছে একজন শিক্ষককে।
িশক্ষকেরা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যখন কোনো দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন তখন প্রতিটি শ্রেণিতে নিয়মিত পাঠদান চালানো সম্ভব হয় না।
হিলমিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, তাঁর বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৭৩ জন ছাত্রছাত্রী রয়েছে। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ রয়েছে ছয়টি। বর্তমানে কর্মরত রয়েছেন তিনিসহ দুজন। তাঁকে প্রায় সময়ই দাপ্তরিক ও প্রশাসনিক কাজে উপজেলা সদরে যেতে হয়। এ সময় একজন শিক্ষকই বিদ্যালয়ে পাঠদান করে থাকেন। ফলে পাঠদানে সমস্যার সৃষ্টি হচ্ছে।
অভিভাবক মো. আনোয়ার হোসেন ও শাহিন আকতার বলেন, সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়ে দেখি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকলে প্রতিটি শ্রেণিতে স্বাভাবিক পাঠদান হয় না। জরুরি ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান প্রক্রিয়া ফিরিয়ে আনা দরকার।
প্রাথমিক শিক্ষক সমিতি সাতকানিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের শূন্যপদগুলো পূরণের দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
জানতে চাইলে সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দাপ্তরিক ও প্রশাসনিক কাজেও ব্যস্ত থাকতে হয়। এতে স্বাভাবিকভাবেই শিক্ষা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে। তিনি আরও বলেন, কিছুদিন পরপর শিক্ষকের চাহিদা চেয়ে মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হচ্ছে। আশা করছি শিগগিরই প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হবে। শিক্ষক নিয়োগ হলে এ সমস্যা আর থাকবে না।