সাতকানিয়ায় শঙ্খ নদে বাঁধ নির্মাণকাজ উদ্বোধন
সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভাঙন রোধে শঙ্খ নদের তীরে বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ জানুয়ারি বাজালিয়ার বোমাংহাট এলাকায় সাতকানিয়া-চন্দনাইশ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বোমাংহাট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা ও বান্দরবান জেলার সাবেক সিভিল সার্জন মং তে ঝ। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা গিয়াস উদ্দিন, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ চৌধুরী, পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে আজাদ চৌধুরী, বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, ধর্মপুর ইউপি চেয়ারম্যান এম ইলিয়াছ চৌধুরী প্রমুখ।
সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রতিবছর শঙ্খ নদের ভাঙনে সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ফসলিজমি বিলীন হয়ে যাচ্ছে। আমি সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে নদের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি। তিনি ১৫২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ইতিমধ্যে কয়েকটি এলাকায় প্রতিরোধ বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ভবিষ্যতে শঙ্খ নদের ভাঙন প্রতিরোধে আরও বরাদ্দ দেবেন বলে আশ্বাস দিয়েছেন।’