সাতকানিয়ায় সাংবাদিকের জমি দখলের অভিযোগ গ্রেপ্তার ১
সাতকানিয়া উপজেলার তেমুহনী এলাকার প্রয়াত সাংবাদিক আবদুল হামিদ চৌধুরীর নিজস্ব জমি এলাকার প্রভাবশালী ভূমিদস্যুচক্র জোরপূর্বক দখল করে বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার কেওচিয়া তেমুহনী এলাকার প্রয়াত সাংবাদিক আবদুল হামিদ চৌধুরীর খাস দখলীয় আরএস ২১৯৭ ও ৩৬৩১ দাগের ২৮ শতক বাগানসহ নাল জমির ওপর লোলুপদৃষ্টি পড়ে এলাকার চিহ্নিত ভূমিদস্যুচক্রের। তারা বিভিন্ন সময় উল্লিখিত জমি দখলের চেষ্টা চালায়। গত ২৯ এপ্রিল রাত ১০টার সময় ভূমিদস্যুচক্রটি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে প্রয়াত সাংবাদিকের জমি দখল করে গাছ কেটে ফেললে খবর পেয়ে সাংবাদিক আবদুল হামিদ চৌধুরীর ছেলে ডা. মোহাম্মদ আল মামুন বাধা দিতে গেলে ভূমিদস্যুরা তাঁকে বেধড়ক মারধর করে গাছ লুণ্ঠন করে নিয়ে যায়।এ ব্যাপারে ডা. মামুন বাদী হয়ে সাতকানিয়া থানায় ভূমিদস্যুচক্রের সাত সদস্যকে আসামি করে একটি মামলা (মামলা নম্বর-১ তারিখ-১/৫/১১) দায়ের করেন।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আহমদ ছফাকে (৪০) গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। মামলার বাদী ডা. মামুন ও তাঁর চাচা জসিম উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, ভূমিদস্যুরা মামলা প্রত্যাহারসহ তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করারও ভয়ভীতি দেখাচ্ছে। এ ব্যাপারে বাদীর চাচা জসিম উদ্দিন চৌধুরী নিরাপত্তা চেয়ে ৩ মে সাতকানিয়া থানায় একটি জিডি (নম্বর-১২৫ তারিখ-৩/৫/১১) করেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।