সাতকানিয়ায় সেচের পানির নালা ভরাট
সাতকানিয়ায় একটি প্রভাবশালী মহল বোরো চাষের জন্য সেচের পানি চলাচলের নালা ভরাট করে ফেলায় দুটি ইউনিয়নের প্রায় ৪০০ একর জমিতে বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে কৃষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া সেচ প্রকল্পের ব্যবস্থাপক (স্কিম ম্যানেজার) মোহাম্মদ আবদুল মান্নান সাতকানিয়া থানায় পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন।জানা যায়, কালিয়াইশ এলাকার আবদুল মান্নান দীর্ঘ ৪০ বছর ধরে শঙ্খ থেকে সেচযন্ত্রের মাধ্যমে পানি তুলে নালা কেটে তিন কিলোমিটার দূরে কালিয়াইশ ও কেউচিয়ার তেমুহানি বিলের ৪০০ একর জমিতে পানি সরবরাহ করে আসছিলেন। প্রতিবছরের মতো যথারীতি এ বছরও শঙ্খে সেচযন্ত্র বসিয়ে পানি সরবরাহের জন্য নালা তৈরি করেন। কিন্তু চাষিদের অভিযোগ মৃত আজিজুল হকের ছেলে আবু তালেব ও মোহাম্মদ আরিফ দলবল নিয়ে বোরো চাষে পানি সেচের জন্য আবদুল মান্নানের তৈরি করা নালা জোর করে ভরাট করে দেন। ফলে শঙ্খ থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। সেচের পানি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৪০০ একরের মতো জমিতে বোরো চাষ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ইতিমধ্যে তৈরি করা বোরো বীজতলাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। কালিয়াইশের হিন্দুপাড়ার কৃষকদের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন। এ ছাড়াও আবদুল মান্নান বাদী হয়ে সাতকানিয়া থানায় আরেকটি অভিযোগ দায়ের করেছেন। সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে অভিযুক্ত আবু তালেব ও মোহাম্মদ আরিফ বলেন, তাঁরা কারও নালা ভরাট করেননি। নিজেদের জায়গায় তাঁরা কাজ করেছেন।