সাতকানিয়ায় সড়ক উদ্বোধন
সাতকানিয়া উপজেলার সমিতির ঘর এলাকায় মুক্তিযোদ্ধা আবু জিয়া মুহাম্মদ শামসুদ্দিন চৌধুরী সড়ক উদ্বোধন করা হয়েছে। গত ২৭ জানুয়ারি বিকেলে সড়কটির উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল, মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক নাঈমুল হক চৌধুরী, সদস্য নজরুল ইসলাম, মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ, ছাত্রলীগ নেতা আবু ছালেহ প্রমুখ।
পরে সাংসদ মাদার্শা ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন।
সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন।