সাতকানিয়ায় সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ ও বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের অন্তত ১২টি স্থানে চলছে ইট-বালুর ব্যবসা। ফলে সড়কে লেগে থাকছে যানজট। চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার বিওসির মোড়, মৌলভীর দোকান, রাস্তার মাথা, মিঠাদিঘি, ডলু সেতুর পশ্চিম পাশ, থানাঘাট, রায়পুর সড়কের তিনটি ও গারাঙ্গিয়া সড়কের তিনটি স্থানে ইট-বালুর স্তূপ। অনেকে এখান থেকে ইট-বালু কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন স্থানে। সড়কের ওপর ট্রাক ও ভ্যান দাঁড় কারিয়ে তোলা হচ্ছে ইট-বালু।
স্থানীয় লোকজন জানান, সড়কের বেশির ভাগ অংশজুড়ে ইট-বালু রাখায় গাড়ি চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়েছে। প্রায় সময় গাড়ির ধাক্কায় আহত হচ্ছেন পথচারীরা।
জাফর আহমদ চৌধুরী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রিদওয়ানুল হক বলেন, সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা চললেও যেন দেখার কেউ নেই। গত ২৬ সেপ্টেম্বর আমার এক সহপাঠী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মৌলভীর দোকান এলকায় গাড়ির ধাক্কায় আহত হন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিওসির মোড় এলাকায় বালু কিনতে আসা মো. আবু সুফিয়ান (৪০) নামের এক ব্যক্তি বলেন, ‘যোগাযোহব্যবস্থা সহজ ও পরিবহন খরচ কম পড়ায় এখান থেকে বালু কিনতে এসেছি।’
রামপুরা এলাকার বালু ব্যবসায়ী মোহাম্মদ হোসেন বলেন, ‘সড়কের পাশের খালি জায়গায় বালু রাখা হয়েছে, সড়কের ওপর নয়। তারপরও প্রাশসন যদি বলে তাহলে আমরা বালু সরিয়ে নেব।’
এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের দোহাজারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, সড়কের জায়গা দখল করে যারা ইট-বালুর ব্যবসা করছে তাঁদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।