
সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ১৪টি স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এসব ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে ১০-১৫ বছর বয়সী শিশু-কিশোরদের ব্যবহার করা হচ্ছে। এদের অনেকেই আবার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী। তাদের নেতৃত্ব দিচ্ছেন মহাসড়কের পার্শ্ববর্তী গ্রামে অবস্থানকারী গুটি কয়েক জামায়াত-শিবির নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে হরতাল-অবরোধের নামে মহাসড়কের সাতকানিয়া এলাকায় সহিংসতায় এ পর্যন্ত মারা গেছেন ট্রাকচালকসহ চারজন। আহত হয়েছেন অন্তত ২০০ জন যাত্রী ও পথচারী। অন্তত ৩০টি গাড়ি পুড়িয়ে দিয়েছেন ও সাড়ে ৩০০ গাড়ি ভাঙচুর করেছেন অবরোধকারীরা। সড়কের পাশের গাছ কেটেছেন ৮০টির বেশি।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভুঞা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী থেকে মিঠাদীঘি পর্যন্ত ১৪টি স্থানে সহিংসতা হয় বলে চিহ্নিত করা হয়েছে। শিবির কর্মীরা এসব এলাকায় চোরাগোপ্তা হামলা চালান বেশি। দিনের চেয়ে রাতের বেলায়ই তাঁরা সক্রিয় হন। ছোট ছোট ছেলেরা এসব হামলায় অংশ নিয়ে গাড়ি ভাঙছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে।
চিহ্নিত স্থানগুলো হচ্ছে-মৌলবীর দোকান, নয়াখাল, আন্ধারমার দরগাহ, খুনি বটতল, গরুর বাজার, কেরানীহাট, ড্রিম হাউস কমিউনিটি সেন্টার, মালেক মেম্বারের ইটভাটা, চারাবটতল, টাইম ক্যাফে, হাসমতের দোকান, আফজল নগর, মিঠাদীঘি ও ঠাকুরদীঘি। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংস ঘটনা ঘটেছে হাসমতের দোকান ও আন্ধারমার দরগাহ এলাকায়।
সূত্র জানায়, পুলিশ এসব গ্রামে গিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার চেষ্টা করলেও এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা তেমন মেলে না। অন্যদিকে সরকারদলীয় সংগঠনের নেতা-কর্মীদের ভূমিকাও হতাশাব্যঞ্জক।
পুলিশ সূত্রের দাবি, পুলিশ মহাসড়কের বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা বন্ধ করার জন্য যথেষ্ট চেষ্টা চালানোর পরও তা থামানো যাচ্ছে না। কারণ, শিবির কর্মীরা ঘটনা ঘটানোর পর পরই পার্শ্ববর্তী গ্রামে ঢুকে পড়েন। পুলিশ এসব গ্রামে গিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করলেও গ্রামের লোকজন পুলিশকে কোনো তথ্য দেন না। উল্টো পুলিশকে নাজেহাল করার চেষ্টা করেন। তা ছাড়া, সরকারদলীয় সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতাও পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পায় না।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতকানিয়ায় সরকারি দল আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা দুর্বল। নেতারা সরকারের সুযোগ-সুবিধা ভোগ করলেও দলে নতুন নেতা-কর্মী সৃষ্টির তেমন তৎপরতা দেখা যায়নি। তা ছাড়া, নেতারা তৃণমূল নেতা-কর্মীদের খোঁজখবর না নেওয়ায় অনেকে অভিমানে নিষ্ক্রিয় থাকছেন। দলের এ নাজুক অবস্থার সুযোগ কাজে লাগিয়ে জামায়াত-শিবির তাদের সহিংসতার মাত্রা দিন দিন বাড়ানোর চেষ্টা করছে।
এ বিষয়ে জানার জন্য জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা আমির আবুল ফয়েজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ বলেন, ‘জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতা চালানোর চেষ্টা করলেও আমরা তা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের এএসপি এ কে এম এমরান ভুঞা বলেন, ‘জামায়াত-শিবিরের সহিংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি। কিন্তু এ ব্যাপারে স্থানীয় জনগণের সহযোগিতা আমরা পাই না। উল্টো স্থানীয় লোকজন তাঁদের (জামায়াত-শিবিরের কর্মীদের) আশ্রয়-প্রশ্রয় দেয়। এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সরকারি দলের নেতা-কর্মীদের সহযোগিতা পেলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব।’
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কুতুব উদ্দিন বলেন, সংগঠনের মূল নেতারা দলের কর্মী বাড়ানোর চেয়ে নিজেদের ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং রক্ষার দিকে বেশি মনোযোগী। সাংগঠনিক দুর্বলতার কারণে সাধারণ নেতা-কর্মীরা সক্রিয় হতে পারছেন না।