সাতকানিয়ায়ও পোকা দমনে বসানো হচ্ছে আলোর ফাঁদ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও আমন ও সবজিখেতের ক্ষতিকর পোকামাকড় দমনে বসানো হয়েছে আলোর ফাঁদ। এই ফাঁদ দেশের বিভিন্ন অঞ্চলে গত মাস থেকে ব্যবহার করা শুরু হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর খেতের পাশে অথবা আইলে ফাঁদ হিসেবে বাতি জ্বালানো হয়। বাতির নিচে পাত্রে সাবান মিশ্রিত পানি রাখা হয়। বাতি জ্বালালে পোকামাকড় সেদিকে আকৃষ্ট হয়। এরপর সেসব পোকামাকড় গিয়ে পড়ে পানিতে।
সম্প্রতি উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া ও বড়দুয়ারা এলাকায় গিয়ে দেখা গেছে, আমনখেতের পাশে কয়েকটি আলোর ফাঁদ বসানো হয়েছে। ওই ফাঁদে পড়ে মারা পড়ছে বিভিন্ন ধরনের পোকামাকড়।
কৃষি কার্যালয়ের কর্মকর্তারা জানান, উপজেলায় এ বছর ১১ হাজার ৮০০ হেক্টর জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। এসব জমি ৫২টি ব্লকে ভাগ করে আলোর ফাঁদ বসানোর কাজ চলছে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিনা মূল্যে এই ফাঁদ স্থাপনে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।
উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের পূর্ব কেঁওচিয়া এলাকার কৃষক আবদুচ ছবুর (৫৬) বলেন, আমনখেতের জন্য ক্ষতিকর পোকা দমনে আলোর ফাঁদ মোটামুটি কাজ দিচ্ছে। উপজেলা কৃষি কার্যালয়ের লোকজন আমনখেতে পোকামাকড় দমনে আলোর ফাঁদ বসানোর পরামর্শ দিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ প্রথম আলোকে বলেন, আমনসহ সবজিখেতে এই আলোর ফাঁদ ভালো কাজ দেবে। ইতিমধ্যে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকার আমনখেতে আলোর ফাঁদ বসিয়ে ক্ষতিকর পোকা শনাক্ত করার পাশাপাশি দমন করার কাজ চলছে।