সাতক্ষীরার গর্ব

সারা দিন ব্যস্ততা। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী ও ভক্তদের সঙ্গে কথা বলা। সংবাদকর্মীদের সাক্ষাৎকার দেওয়া। রাত সাড়ে আটটার দিকে তাঁর সময় মিলল। তার পরও বাড়িতে গিয়ে পাওয়া গেল না সৌম্য সরকারকে।
অগত্যা সৌম্যর বাবা নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকারের সঙ্গে কথা বলা। কিশোরী মোহন সরকারের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে। তিনি বেড়ে উঠেছেন ওই গ্রামে। নিজেও একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন। সাতক্ষীরা স্টেডিয়ামে খেলতে আসতেন ২০ থেকে ২২ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে। মেেজা ছেলে পুষ্পেন সরকার একজন ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন। ঢাকায় প্রথম বিভাগে খেলেছেন। ইনজুরির কারণে তাঁর স্বপ্ন পূরণ হয়নি। বুঝতেই পারছেন, সৌম্য বংশগতভাবেই একজন ক্রিকেটার। ছোটবেলা থেকেই ক্রিকেটের ব্যাট আর বলের সঙ্গে সৌম্যর সখ্য।
১১ বছর বয়সে সাতক্ষীরা সরকারি বিদ্যালয়ের হয়ে ডিউজ বলে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে নৈপুণ্য দেখান। তারপর পুষ্পেনসহ পরিবারের সবার ইচ্ছায় ২০০৬ সালে সৌম্যকে ভর্তি করা হয় বিকেএসপিতে, সপ্তম শ্রেণিতে। ওইখানে মূলত তাঁর ক্রিকেটের ভিত শক্ত হয়। কথা বলার একফাঁকে আসেন সৌম্য সরকার। যিনি শুধু সাতক্ষীরায় নন, এখন দেশের একজন আলোচিত ক্রিকেট খেলোয়াড়।
সৌম্য জানান, দাদা পুষ্পেনের খেলা দেখে ভালো ক্রিকেটার হওয়ার আগ্রহ প্রথম মাথায় জেঁকে বসে। দাদার খেলায় একটা আলাদা ছন্দ ছিল। ভালো লাগত।
মঙ্গলবার যশোর বিমানবন্দরে নেমে সাতক্ষীরার বাড়িতে আসার সময় পথে ঝিকরগাছায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রাসেল তাঁকে সংবর্ধনা দিয়েছেন। পরে পাঁচ থেকে সাত হাজার লোকের উপস্থিতিতে কলারোয়া ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। গাড়ির বহরসহ সাতক্ষীরা শহরে ঘোরানো হয়। শেষে গণমুখী ক্রীড়া সংস্থা এবং নানা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা। সৌম্যর মা নমিতা রানী সরকার জানান, তিনি যারপরনাই খুশি। ছেলে আরও ভালো খেলুক, দেশের মুখ উজ্জ্বল করুক, সব সময় এই তাঁর প্রার্থনা।