সাতান্ন পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতান্ন বছর পেরিয়ে এসে আটান্নতে পা রাখল রাজশাহী বিশ্ববিদ্যালয়। অনেকেই প্রশ্ন করেন, এমন সাজানো-গোছানো যে ক্যাম্পাস, ছাত্রছাত্রীদের গায়ে গায়ে পায়ে পায়ে তারুণ্যের রং সবুজের যেখানে ছড়াছড়ি, যেখানে প্রকৃতির অকৃত্রিম ভালোবাসা আর উদারতা, সেখানে এত নিষ্ঠুরতা বাসা বাঁধে কীভাবে? এই বৈপরীত্যের পেছনে কাজ করে কোন খেলা? না, এ প্রশ্ন কিন্তু এড়িয়ে যাওয়া চলে না। বিশ্ববিদ্যালয় ধারণার মধ্যেই যখন থাকে অহিংসা, পরমতসহিষ্ণুতা, উদারতা, অসামপ্রদায়িকতা আর আলো ছড়ানোর অঙ্গীকার, তখন তার হঠাৎ উল্টো পথযাত্রা দেখলে মানুষের বিবেক থমকে যাবে বৈকি। ভাষা আন্দোলনের উজ্জ্বল যাত্রায় বাঙালি চেতনার প্রবল উত্থানের কালে ১৯৫৩ সালে পথচলা শুরু করেছিল দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। সে সময়ের শিক্ষার্থীরা স্মৃতি হাতড়ালে দেখতে পাবেন, আজকের পরিকল্পিত ক্যাম্পাসের কোনো চিহ্ন সেদিন কোথাও ছিল না। বর্তমান মতিহার চত্বর ছিল ঘন জঙ্গলে ঘেরা। মাঝেমধ্যে মেছোবাঘ-পাতিবাঘের দেখাও নাকি মিলত। রাজশাহী বিশ্ববিদ্যালয় নামের প্রতিষ্ঠানটির স্বপ্ন-কল্পনা তখন ছিল উদ্যোক্তাদের মগজে। বাদবাকি ভৌত অবকাঠামো বলতে যা বোঝায় তা লুকিয়ে ছিল রাজশাহী কলেজ, পদ্মাপারের বড়কুঠি, বি.বি. হিন্দু একাডেমি, বড় কুঠিপাড়ার ‘মাতৃধাম’, ঘোড়ামারার কুঞ্জমোহন মৈত্রেয়র জমিদারবাড়ি আর শহরময় ছড়িয়ে থাকা কিছু সরকারি-বেসরকারি ভবনের পেটের মধ্যে। মাত্র কয়েকটি বিভাগ, সীমিতসংখ্যক ছাত্রছাত্রী আর হাতেগোনা শিক্ষক নিয়ে শুরু হয়েছিল উচ্চশিক্ষার এক অভিযাত্রা। এসব সীমাবদ্ধতা, পাকিস্তান নামক রাষ্ট্রের পীড়ন-নির্যাতন আর সামপ্রদায়িক বিষবাষ্পের মধ্যেও একটা উদার অগ্রযাত্রায় সেদিন শামিল হয়েছিলেন ছাত্র-শিক্ষকেরা।১৯৫৮ সালে প্রায় ৩০৪ হেক্টরের বিশাল এলাকা জুড়ে বর্তমান মতিহার ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হয়। ১৯৬৪ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটা চেহারাও দাঁড়িয়ে যায় এই ক্যাম্পাসে। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যাচর্চার গুণে-মানে এগিয়ে থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার মানকে তখন কোনোভাবেই খাটো করে দেখার আর উপায় ছিল না। দেশের সামগ্রিক রাজনৈতিক-সামাজিক পরিবর্তন ও স্বপ্ন-প্রত্যাশার সঙ্গে তালমিলিয়ে এবং কখনো কখনো পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে এগিয়ে যাচ্ছিল এই বিশ্ববিদ্যালয়। গোটা রাজশাহী ও খুলনা অঞ্চলের কলেজগুলোর যোগ্য অভিভাবক হিসেবেও ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করেছিল। দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকদের একটা বড় অংশ এই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমবেত ছিলেন। পাকিস্তানের সামরিক শাসকদের গায়ে শেষ পেরেক ঠোকার কাজটিও নতুন মাত্রা পেয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোহার আত্মত্যাগের মধ্য দিয়ে। স্বাধীনতার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এল নতুন প্রাণের জোয়ার। অবশ্য মুক্তপ্রাণের এই পথচলা বেশি দিন টেকসই হয়নি। পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে আবার পাকিস্তানি ভাবাদর্শের ভূত নতুন করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে। সামরিক শাসক বিশ্ববিদ্যালয়ের মুক্তচিন্তার কণ্ঠরোধ করেই বসে থাকল না; এর মাথার ওপর বসিয়ে দিল কট্টর স্বাধীনতাবিরোধী এক ব্যক্তিকে। শুরু হলো অদ্ভুত এক আঁধারের যাত্রা। এই আঁধারের পথ ধরে আশির দশকে সামপ্রদায়িক মৌলবাদী শক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেকটাই গ্রাস করে ফেলে। অন্যদিকে যে তরুণ শক্তি প্রগতির চাকাকে সচল রাখতে একদিন এককাট্টা হয়ে দাঁড়িয়েছিল, তারা টুকরো টুকরো বিচ্ছিন্ন হতে থাকে; হয়ে পড়ে দিশাহীন। সংঘাত-সংঘর্ষ-হত্যা-সন্ত্রাস হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিত্যসঙ্গী। আবার এসবের মধ্যেই দেখা যায় মননহীন শরীরের বিস্ময়কর স্ফীতি বিভাগ, হল, ছাত্র-শিক্ষক কর্মচারীর সংখ্যা বেড়ে চলে ক্রমাগত। বাড়ে না কেবল শিক্ষা, গবেষণা ও চেতনার মান; বরং তা খরগোশ-গতিতে তলানির দিকে নামতে থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয় বিবেচনায় দেখা এবং আদর্শভিত্তিক রাজনৈতিক সচেতনতার পরিবর্তে কিছু শিক্ষকের মধ্যে স্বার্থকেন্দ্রিক নগ্ন দলবাজির প্রবণতাও মাথাচাড়া দিয়ে ওঠে ইতিমধ্যে। এত কিছুর পরও ইতিবাচক কিছু নমুনা যে দৃশ্যমান হয় না তা নয়। দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থেকে এখনো তো কাজ করে যাচ্ছেন একদা এই বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীরা। ভালো কিছু গবেষণাকর্মও বেরিয়ে এসেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাত থেকে। আবার গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে, মুক্তচিন্তা যখনই ধাক্কা খেয়েছে এই বিশ্ববিদ্যালয়ের তারুণ্য তখনই রাস্তায় নেমে আসতে দ্বিধা করেনি। অধিকাংশ সাধারণ ছাত্রছাত্রী সন্ত্রাস, মানবতার বিরুদ্ধে অপরাধ, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও বিজ্ঞানবিমুখ ধর্মান্ধ সামপ্রদায়িক চিন্তার বিরুদ্ধে এখনো সোচ্চার। এত প্রতিকূলতার মধ্যেও এই বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক সংস্কৃতিচর্চার সাফল্য আজও অন্য সব বিশ্ববিদ্যালয়কে ছাপিয়ে যায়। তার পরও থেকে যাচ্ছে গভীরে কোথায় এক বিরাট শূন্যতা। প্রশ্ন জাগে, বিশ্ববিদ্যালয় ধারণা থেকে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিটকে পড়ে যাচ্ছে? কে দেবে এই প্রশ্নের উত্তর। গোটা সমাজই তো আজ উল্টোযাত্রায় শামিল। বিশ্ববিদ্যালয় তো এই সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। হতাশ তবু হওয়া চলে না। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে ইচ্ছে করে, এই বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য কি কোনো পরিকল্পনা হাতে নেওয়া যায় না? মলয় ভৌমিক: শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়