সাত্তার আলীর কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বপাশা গ্রামে বাস করতেন একজন সাত্তার আলী। তিনি খুব দয়ালু মানুষ। তাঁর দয়া শুধু মানুষের প্রতি নয়—পশুপাখি, গাছপালা, মশা-মাছি সবার প্রতি। তিনি কারও কষ্ট সহ্য করতে পারেন না। একদিন সাত্তার আলী মাঠ থেকে বাড়ি ফিরছেন। তার শরীর থেকে ঘাম ঝরছে। ঘরে পিঁড়ির ওপর বসলেন। দেখলেন, তাঁর খানিক দূরে শুয়ে আছে একটি কুকুর।সেদিকে তার চোখ পড়তেই ময়নার মাকে ডাকলেন। ‘ও ময়নার মা, তুমি কোথায়?’ডাক শুনে ময়নার মা দৌড়ে এলেন। ‘কী জন্য ডাকছেন?’ ‘কী আর বলব, পোড়া কপাল আমার! তোমারে এত করে বোঝালাম, তুমি আমার কথা বোঝলা না।’আপনি কী বলছেন, আমি তো বুঝতে পারিনি। ‘সেটা তো আমিও বুঝছি। ওই দেখ, কে শুইয়া রইছে। দেখছ?’ ‘দেখলাম তো, একটা কুকুর শুইয়া রইছে।’ ‘ওটা এখন আমার বাড়ির মেহমান। বিনা বালিশে শুইয়া আছে, তোমার চোখে পড়ল না? তাড়াতাড়ি একটা বালিশ এনে দাও।’ময়নার মা ঘরে গেল। ব্যাটা কী পাগলামি শুরু করছে, কুকুরের মাথার নিচে বালিশ দেবে।একটা বালিশ নিয়ে সামনে এলেন। সাত্তার আলী বালিশ নিয়ে কুকুরটির সামনে গেলেন। বালিশ দেখে কুকুরটি দৌড়ে পালাল।সাত্তার আলী বালিশ নিয়ে কুকুরের পিছে পিছে হাঁটছেন। আর বলছেন, ‘আপনি রাগ কইরেন না। আমার বউ বুঝতে পারেনি। আপনি ঘুমান, বালিশ দিয়ে আরাম কইরা ঘুমান।’ সাত্তার আলী হাঁটছে আর কুকুরটি দৌড়াচ্ছে।সাত্তার আলী মন খারাপ করে বাড়ি ফিরে এল। ময়নার মার ওপর রাগে তাঁর শরীরের মধ্যে গজ গজ করছে। রাতে শুইতে গিয়ে মশারির মধ্যে কয়েকটি মশা ঢুকল। ময়নার মা মশাগুলোকে মেরে ফেললেন। সাত্তার আলী ক্ষিপ্ত হয়ে উঠলেন। ঠাস ঠাস করে ময়নার মাকে কয়েকটি থাপ্পড় মারলেন। রাগে তাঁর শরীর কাঁপছে। সাত্তার আলীর চোখে ঘুম নেই। মশাগুলোকে মেরে ফেলল—‘এমন নির্দয় মানুষ পৃথিবীতে আছে? এই নির্দয় মানুষ নিয়ে আমি এক মশারির মধ্যে ঘুমাই, যার অন্তরে একতিল দয়ামায়া নেই। জীবন্ত একটা প্রাণী এতক্ষণ উড়ে বেড়াল, আর সেটাকে মেরে ফেলল। এ তো আমাকেও মেরে ফেলবে। কোনো রকম বিশ্বাস করা যায় না।’ সাত্তার আলী মশারি ছেড়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে রইলেন। তাঁর চোখে ঘুম নেই।সাত্তার আলীর এই দয়ার কথা এখন সবাই জানে, তাই সবাই সাত্তার আলীকে দয়াল আলী বলে ডাকে।কয়েক দিন পর সাত্তার আলী বাজার থেকে বাড়ি ফিরছেন। তাঁর মাথায় একটা ঝুড়ি। তার ভেতর বাজার-সদাই, রুটি আর কলাও আছে।খানিক পথ হাঁটার পর দেখলেন, বটগাছের নিচে সেই কুকুরটি শুয়ে আছে। একেবারে চার পা সোজা করে শুয়ে আছে। সাত্তার আলী কুকুরটিকে দেখে দাঁড়ালেন, কুকুরটি নড়ছে না। সাত্তার আলী আর একটু কাছে গেলেন।ঝুড়িটা মাথা থেকে নামিয়ে পাশে রাখলেন। দেখলেন কুকুরটি শ্বাস নিচ্ছে। পেটে কিছু নেই। মরে মরে ভাব।কুকুরটির এ অবস্থা দেখে সাত্তার আলীর বুক ভেঙে কান্না এল। কোনো রকমে কান্না থামাতে পারছেন না। কুকুরটির গলা ধরে কাঁদছেন। ওই রাস্তা দিয়ে শুক্কুর আলী বাজার করে বাড়ি ফিরছেন। শুক্কুর আলী দেখলেন, সাত্তার আলী কুকুরটির গলা ধরে কাঁদছেন। সে কী কান্না! একেবারে ‘কুহুইল’ দিয়ে কাঁদছেন। শুক্কুর আলী দাঁড়ালেন। কী ব্যাপার, সাত্তার আলী কুকুরটা ধরে কাঁদছেন কেন? সাত্তার আলীর কান্না থামছে না।শুক্কুর আলী জিজ্ঞেস করতে পারছেন না কী জন্য সাত্তার আলী কাঁদছেন। শুক্কুর আলী সাত্তার আলীর সামনে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছেন আর হাসছেন।খানিক পর সাত্তার আলীর কান্না একটু থামল। শুক্কুর আলী বললেন, ‘কী হে সাত্তার আলী না দয়াল আলী, এখানে বসে কুকুরটি ধরে কাঁদছ কেন?’‘সে কথার তোমরা কী বোঝবা। তোমাদের কী চোখে পড়ে? আল্লাহর সৃষ্টি একটি প্রাণী, সেটি হোক গিয়ে কুকুর। এটিরও তো একটা প্রাণ আছে। আর সেই প্রাণীটি না খেয়ে মরে যাচ্ছে।তা চোখ দিয়ে দেখে আমি কি না কাইন্দা পারি? আমার অন্তর ভাইঙ্গা কান্না আসছে, তাই বসে বসে কতক্ষণ কান্না করলাম।’‘তুমি বসে বসে কাঁদলে কি কুকুরটির পেট ভরবে? তোমার ঝুড়িতে রুটি আছে। ওখান থেকে একটি দিলেই তো পার।’সারা দিন পর এ কী বললেন, আমার অন্তরে দয়া আছে, দয়ার ঠেলায় কান্না আসে। রুটি তো আর ঠেলায় আসে না, পয়সা দিয়ে কিনতে হইছে।’‘এতই যদি হিসাব কর, তবে কাঁদছ কেন?’‘সেইটা বুঝবেন না, কাঁদতে তো আর টাকা লাগে না। চোখের পানি কতক্ষণ পড়ছে। এখন চোখটা পরিষ্কার হয়ে গেছে, আগের চেয়ে ভালো দেখি।’ ‘সাত্তার আলী, এত দিন পর বুঝতে পারলাম, এই তোমার দয়া। আসলেই তুমি দয়াল আলী। ওয়ারী, ঢাকা।