সাত্তার ও চিগোনমিলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে মোটরসাইকেল চালক আবদুস সাত্তার ও চিগোনমিলে চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার এবং নিখোঁজ মোটরসাইকেলচালক মামুনকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী-বাঙালিরা। গত বৃহস্পতিবার বাঘাইছড়ি আদিবাসী-বাঙালি সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে আদিবাসী-বাঙালিরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে যোগ দেন। মানবন্ধনে আসা কাচালং উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো. আলম বলে, ‘আমাদের স্কুলে অনেক আদিবাসী শিক্ষার্থী ছিল। এখন আদিবাসী-বাঙালির সহিংসতার কারণে অনেক বন্ধু অন্য স্কুলে চলে গেছে। আমরা চাই একসঙ্গে সবাই পড়ালেখা করতে।’ এরপর বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র আলমগীর কবির, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন প্রমুখ। এদিকে, ১৫ জানুয়ারি বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক গ্রামের মোটরসাইকেল-চালক মো. মামুন নিখোঁজ হওয়ার পর আদিবাসী-বাঙালিদের মধ্যে সৃষ্ট উত্তেজনা শান্ত হয়ে এসেছে। আদিবাসীরা উপজেলা সদরে আসা শুরু করেছেন। তবে বাঙালি এলাকার কাচালং ডিগ্রি কলেজ, কাচালং বালিকা উচ্চবিদ্যালয় ও কাচালং উচ্চবিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীরা এখনো আসছে না বলে জানান কাচালং উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম।