সাত্ত্বিকের জমজমাট আয়োজন
দুপুর গড়িয়ে বিকেল। নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন তখনো কানায় কানায় পূর্ণ। মঞ্চে লড়ছে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। চলছে কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সঞ্চালক ছুড়ে দিলেন শেষ প্রশ্ন। মুহূর্তেই হাত উঁচিয়ে ধরলেন বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা। দিল সঠিক উত্তর। এরপর শুধুই উচ্ছ্বাস।
এভাবেই গত ৩১ মার্চ শেষ হলো সাংস্কৃতিক সংগঠন সাত্ত্বিক আয়োজিত স্বাধীনতা যুদ্ধের ইতিহাসভিত্তিক আন্তস্কুল কুইজ ও উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতার দুই দিনের আসর। এ ছাড়া শেষ দিন মুক্তিযোদ্ধাদেরও সংবর্ধনা দেওয়া হয়।
৩০ মার্চ বিকেল চারটায় সাত্ত্বিকের সদস্যদের সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। উদ্বোধন করেন একাত্তরের সন্তানহারা জননী রমা চৌধুরী। এরপর চলতে থাকে আন্তস্কুল কুইজ ও উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় নগরের ১৭টি বিদ্যালয় অংশ নেয়। পরদিন চূড়ান্ত পর্বে বিজয়ী হয় বিএএফ শাহীন কলেজ। সিডিএ পাবলিক স্কুল ও কলেজ দ্বিতীয় এবং বিএন স্কুল ও কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
এরপর চলে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে কেমন বাংলাদেশ দেখতে চাই’ এ বিষয়ের ওপর উন্মুক্ত বক্তৃতা। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় আবিদ চৌধুরী, আতিকা অনন্যা এবং আবিদা হক।