সাদা-কালো
সাবা বাদামের খোসা ভাঙতে ভাঙতে প্রায়ই রাফাতকে বলত, ‘বুঝলি, আসলে লেখাপড়া, স্টাডি এসব জীবনটাকে “ব্ল্যাক অ্যান্ড হোয়াইট” করে দেয়। লাইফ তো একটাই, তাই না। কালারফুল লাইফ না হলে হোমো স্যাপিয়েন্স হওয়াই বৃথা।’ রাফাত কী বলত, সেটা শুনতাম না। আমি শুনতাম সাবার কথা। তার কথার যুক্তি খুঁজতাম। কণা বলত, দ্যাটস দ্য পয়েন্ট। লেখাপড়া জিনিসটা আমাদের কাছ থেকে, আমাদের লাইফ থেকে মজা কেড়ে নেয়। কোনো মানে হয়?আমি এই কথারও যুক্তি খুঁজি। রাফাত আর জাবেদ বলে, ‘কিরে, কী ভাবছিস। নে, বাদাম খা। বাদামে কী আছে জানিস তো? হুঁ।’ ‘আমি বাদামে কী আছে জানি না।’ ওরাও বোধ হয় জানে না। জানলে উত্তর না দিয়ে উঠে যেত না। যাওয়ার সময় সাবা বলল, ‘এই যে জুবায়েরকে দেখ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হা হা।’ চারজন একপশলা হাসি হেসে চটপটি খেতে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সাইকেলের স্ট্যান্ড তুলি। বাড়ি যাই। গভীর রাতে শহর যখন গভীর ঘুমে, আমি তখন ভাবি, লেখাপড়া কি আসলেই সাদা-কালো? এই শিক্ষাব্যবস্থা কি এতটাই বেরসিক যে সাহিত্যকে সাহিত্য বলে মানে না?কত প্রশ্ন। উত্তর খুঁজতে খুঁজতে হয়রান হই। সেই চার মূর্তি প্রতিদিন কলেজে আসে, কিন্তু ক্লাস করে না।হয়তো আড্ডা দেয় লাইব্রেরির সামনে। অথবা ঘুরতে বেরোয় অন্য কোথাও। আমি ক্লাসে বসে হিংসায় গজগজ করি। এত রং, এত কালার!আমি ঘুম তাড়ানোর ছেলেমানুষি চেষ্টা করি। মূর্তির মতো ক্লাস করি। মিডটার্ম যায়। রাফাত বলে, রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স অর্জন কর, বুঝলি। ওসব বুকিস নলেজ-ফলেজ ফালতু জিনিস। আমি চুপ করে থাকি। রাফাত ভুল কী বলেছে। ওর কথা ঠিক, বই আমাদের ‘কী’-এর উত্তর দেয়। ‘কেন’-এর উত্তর বইয়ের কাছে নেই। ‘কীভাবে’ এরও উত্তর নেই। সেদিন সোমবার। বিকেলবেলা। বারান্দায় দাঁড়িয়ে পেনসিল কাটছি। হঠা ৎ চোখে পড়ল পাড়ার কিছু ছেলে একটা ছেলের ওপর চড়াও হয়েছে। দুজন মিলে সে কী কিল আর ঘুষি। পিচের রাস্তার ওপর একটা ডাঁটি ভাঙা চশমা পড়ে আছে। আমি আরেকটু ভালো করে তাকিয়ে দেখি, আক্রান্ত ছেলেটা আমাদের রাফাত। পার্কের ওখান থেকে ওকে ধরে আনা হয়েছে। কেন ধরে আনা হয়েছে জানি না। বন্ধু হয়ে আমার উচিত ছিল তাকে বাঁচানো। কিন্তু ওখানে আরও অনেক লোক জড়ো হয়ে ঘটনাটা দেখছে। ভুলেও কেউ এগিয়ে আসছে না। সবাই খুব আগ্রহ নিয়ে বিষয়টা দেখছে। খানিক পরে ছেলেগুলো গালিগালাজ করে বিদায় নিল। পুলিশ আসতে পারে এই ভয়ে। থাকল শুধু লাল রক্তে ভেজা রাফাত। হঠা ৎ দেখি কোথা থেকে জাবেদ এগিয়ে এল আস্তে করে। আশ্চর্য, সে এখানে ছিল! সত্যি! যেখানে তাদেরই এক বন্ধু মার খেয়েছে। সেখানে সাবাও ছিল। পরে দেখি সে একটা রিকশা ডাকছে। আমি একটা কেমন লজ্জা নিয়ে ঘরে এলাম। তারা এই লাল রংটা খোঁজার জন্যই এত হইচই করছিল নাকি? তার চেয়ে সাদা-কালো খুব একটা খারাপ না। আমি শুকনো হাসি হাসি। নাম প্রকাশে অনিচ্ছুক, কুষ্টিয়া