সাদা থাকলেই স্নিগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে ফিরে যদি দেখেন চারদিকে সাদা রঙের স্নিগ্ধতা, কিংবা সকালে ঘুম থেকে উঠে যদি জানালার সাদা পর্দার দিকে চোখ যায়, তবে মনটা ভরে ওঠে। ঘরের সৌন্দর্য বাড়াতে পর্দার জুড়ি নেই। বর্ণিল পর্দার সঙ্গে অনেকেই আজকাল পছন্দের তালিকায় রেখেছেন সাদা পর্দা। অনেকে আবার বলেন, সাদা পর্দা দ্রুত ময়লা হয় এবং তাপ প্রতিরোধক নয়। ফ্যাশন হাউস যাত্রার ধানমন্ডি শাখার ম্যানেজার মাহমুদ হোসেন জানান অন্য কথা। তিনি বলেন, আজকাল অনেকেই পছন্দ করছেন সাদা কিংবা অফ হোয়াইট পর্দা, কেননা, এটা দেখতে যেমন শুভ্র লাগে, তেমনি এই পর্দা তাপ শোষণ করে না, ফলে ঘর গরম হয় না।এ তো গেল সাদা পর্দার কাজের ফিরিস্তি। কিন্তু কোন ঘরে কোন ধরনের সাদা আর হালকা রঙের পর্দা লাগাবেন, সে সম্পর্কে বললেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের ডিজাইনার ফারজানা গাজী। তিনি বলেন, বাড়িতে ঢোকার সময় সবাই প্রথমে আসেন বসার ঘরে। তাই বসার ঘরের পর্দা নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, যেন বসার ঘরের প্রতিটা আসবাবের সঙ্গে সামঞ্জস্য থাকে। বসার ঘরের আসবাবগুলো সাধারণত কারুকার্যখচিত হয় আর তাতে ধাতুর ব্যবহার থাকে। ফলে পর্দার রং যদি এর বিপরীত হয়, তা হলে দেখতে অনেক বেশি ভালো লাগে। সাদার মাঝে হালকা ফুলের কাজ করা পর্দা ব্যবহার করা যেতে পারে এখানে। আবার বসার ঘরে ব্যবহূত কুশনের মাঝে ব্লক করা কিংবা সুতার কাজ করা থাকে, সেখানকার একটা নির্দিষ্ট রং নির্বাচন করে সাদা অথবা অফ হোয়াইট পর্দার ভেতরে সেই রঙের সুতা আর ব্লকের কাজ করিয়ে নেওয়া যায়। এতে পুরোপুরি সাদা ভাবটা কেটে যায় আবার স্নিগ্ধতাও থাকে। চাইলে সাদা সুতি, মার্কিন অথবা খাদি কাপড় কিনে এতে একই রং দিয়ে ব্লক করিয়ে নিতে পারেন। হালকা কাপড়ের পর্দা যাদের পছন্দ, তাঁরাও চাইলে হালকা রঙের ভারী কাপড়ের পর্দা ঝুলিয়ে এর সঙ্গে দিতে পারেন নেটের পর্দা। দিনের বেলা ভারী পর্দা গুটিয়ে বা ফিতা দিয়ে বেঁধে রাখতে পারেন আর ছেড়ে রাখতে পারেন নেটের পর্দা। শোবার ঘরের পর্দাতে সবাই চায় একটা আরাম আরাম ভাব, তাই সুতি আর হালকা পর্দাই এখানে মানাবে। শোবার ঘরের পর্দায় সাদার মাঝে হালকা নীল, হলুদ রঙের টাইডাই অথবা ব্লক করিয়ে নেওয়া যেতে পারে। তবে কেউ যদি শোবার ঘরের পর্দার মাঝে জমকালো ভাব আনতে চান, তা হলে সুতি কাপড়ে ভারী লেইস বসিয়ে নিতে পারেন। ঘরে বসেই কয়েক রঙের কয়েকটা ফোঁড় তুলতে পারেন পর্দায়।ছোট্টমণির ঘরের পর্দাটা অবশ্যই তার মনের মতো হওয়া চাই। তাই সাদা রঙের মাঝে কার্টুনের ব্লক করিয়ে নিলে দেখতে যেমন ভালো লাগবে, তেমনি শিশুর মনের মতোও হবে।যেহেতু সাদা, অফ হোয়াইট আর হালকা রঙের পর্দার কথা বলা হচ্ছে, তাই নিয়মিত পরিষ্কার করার কথা বলেন ফারজানা গাজী। না হলে নষ্ট হয়ে যাবে এর শুভ্রতা।কাপড় কিনে বানিয়ে নিতে পারবেন মনের মতো পর্দা। রাজধানীর এলিফ্যান্ট রোডের পর্দার দোকান ‘ক্যারি হোম’-এর স্বত্বাধিকারী রেজাউর রহমান বলেন, হালকা রঙের পর্দা চলে ভালো। তবে একেবারে সাদার চেয়ে অফ হোয়াইট রঙের মাঝে একই রঙের সুতা দিয়ে এমব্রয়ডারি করা কাপড় বেশি চলে। এ ছাড়া পর্দায় সাদা নেটের কাপড়ের ব্যবহার তো খুব চলে। সিনথেটিক কাপড় কেনা যাবে গজপ্রতি ৫০০-৭০০ টাকা দরে। সুতি আর খাদি কাপড়ের দাম কিছুটা কম। কেনা যাবে ১২০-৩০০ টাকা দরে। দরজায় সাধারণত দুটি, আর জানালায় তিনটি করে পর্দা লাগে।এই কাপড় কিনতে পারবেন ঢাকার এলিফ্যান্ট রোড, ইসলামপুর, গুলশান-১ ও ২ সহ বিভিন্ন মার্কেট থেকে।চাইলে তৈরি করা সাদা পর্দা কিনে নিতে পারেন। ফ্যাশন হাউস নিপুণ থেকে কেনা যাবে সাদার মাঝে টাইডাই করা সাদা আর হালকা হলুদ রঙের পর্দা। প্রতি পিস কেনা যাবে ৫৫০ টাকায়। যাত্রাতে মিলবে সাদা আর অফ হোয়াইট রঙের ব্লক, আলপনা আর রিকশা পেইন্ট করা পর্দা। কেনা যাবে ৫৭০-১৩৫৫ টাকায়।