সাদা পরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাক হওয়ার মতো কোনো ব্যাপার নয়, একেবারে সত্যি। আমি এক পরিকে জানতাম! টেলিভিশনে ছোটদের অনুষ্ঠানে কিংবা রূপকথার বইয়ের প্রচ্ছদে মাঝেমধ্যে যে পরির ছবি দেখতে পাওয়া যায়, আমার জানা এই পরি অবিকল সেই রকম। দেখতে সুন্দর, পরিচ্ছন্ন আর নির্মল। অবশ্য এই পরির পিঠে ওই পরিদের মতো অমন বেখাপ্পা কোনো ডানা ছিল না। এতেই বরং আরও লাস্যময়ী ও উজ্জ্বল হয়ে উঠেছিল আমার পরি। ওই সব লাল, নীল পরির মতো এই পরিরও একটি নাম ছিল। সাদা পরি। নামটি আমারই দেওয়া। যদিও পরে ‘সাদা পরি’ নামটি আমি বদলে এর নাম দিই ‘শুভ্র পরি’। কেননা আমার কাছে মনে হয়েছে, এ নামটিই তার জন্য ঠিক; অন্য কোনো নাম নয়। এই পরিকে আমি প্রথম দেখতে পাই, আমার স্পষ্ট মনে আছে, সেদিন ৫ ফেব্রুয়ারি ২০০৯। অবিশ্বাস্য ও অনাকাঙ্ক্ষিতভাবে তখনই ঘটে ঘটনাটি। হায়, পরিকে আমি আর দেখতে পাব না কখনো! পরির কথা আপাতত থাক। পরির কথা আরেক দিন বলব। এখন বলি বরং টুসির কথা। কিন্তু, একটা রহস্যময় ব্যাপার কী, যতবার আমার টুসির কথা মনে হয়, ততবার মনে পড়ে ওই শুভ্র পরির কথা। কেন এমন হয়? তবে, এরা দুজন কি একই শেকলে বন্দী হয়ে গেছে? টুসি। আমার বোন। শুভ্র পরির মতো দেখতে—আমার হারিয়ে যাওয়া ছোট্ট বোন। টুসিকে যেদিন হারিয়ে ফেলেছি, সেদিন ছিল ৫ ফেব্রুয়ারি ২০০৯। রাসেল সাইদকালিগঞ্জ, ঢাকা।