সাদা বালুচরে সবুজ তরমুজ
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের অনাবাদি চরে এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। দ্বীপে উৎপাদিত তরমুজ কক্সবাজার ও চট্টগ্রামে বিক্রিও হচ্ছে। তরমুজ চাষ করে এ এলাকার ১০০ পরিবারের ভাগ্য বদল হয়েছে। তরমুজের ভালো দাম পাওয়ায় খুশি স্থানীয় চাষিরা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৪ সালে সোনাদিয়া দ্বীপের পশ্চিমপাড়ার কয়েকজন বাসিন্দা দ্বীপের অনাবাদি চর এলাকায় তরমুজ চাষ শুরু করেন। এরপর ২০০৭ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এলাকার চাষিদের তরমুজ, খিরা ও শাকসবজি চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণ নেওয়ার পর দ্বীপের মানুষজন তরমুজ চাষে আগ্রহী হন। গত বছর দ্বীপের ৬০ জন চাষি তরমুজ চাষ করেছিলেন। তাঁরা লাভবান হওয়ায় এ বছর তরমুজচাষির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে এ বছর তরমুজের ফলন বেড়েছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সোনাদিয়ার পশ্চিমপাড়ায় চাষিরা খেত থেকে তরমুজ তুলছেন। তাঁরা একেকটি তরমুজ বিক্রি করছেন ৯০ থেকে ১০০ টাকায়। আর ব্যবসায়ীরা এসব তরমুজ চট্টগ্রাম ও কক্সবাজারে এনে বিক্রি করছেন ১৮০ থেকে ২০০ টাকায়।পশ্চিমপাড়ার তরমুজচাষি আমির হোসেন বলেন, ‘এ বছর এক একর অনাবাদি চর এলাকায় তরমুজ চাষ করছি। এতে খরচ হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। তরমুজের দাম ভালো পাওয়া যাওয়ায় খরচ উঠেছে। লাভের মুখও দেখছি।’ খরচ বাদ দিয়ে দেড় লাখ লাভ হবে বলে তিনি জানান। গোরকঘাটার ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে। চাষিরাও ভালো দাম পাচ্ছেন।’ তিনি আরও জানান, সোনাদিয়ার চাষিদের কাছ থেকে পাইকারি দামে গড়ে ১০০ টাকা করে তরমুজ কিনে কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করছি। মহেশখালী পরিবেশ অধিদপ্তরের জীববিদ আবদুল কাইয়ুুম এ বিষয়ে বলেন, ‘গত বছর পরিবেশ অধিদপ্তর শামুক-ঝিনুক তোলা বন্ধ করতে এলাকার মানুষজনকে চাষাবাদের ওপর প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ জন্য সাত লাখ টাকা অনুদানও দেওয়া হয়। এতে এলাকার বহু লোক পরিবেশবিনাশী কর্মকাণ্ড ছেড়ে তরমুজ চাষ করছেন। অনেকে সচ্ছলতার মুখ দেখেছেন।’কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আলম বলেন, ‘এ বছর সোনাদিয়ার চর এলাকায় তরমুজ চাষ করে বদলে গেছে ১০০ পরিবারের ভাগ্য।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফিরোজ আলম বলেন, ‘এ বছর উপজেলার কুতুবজোম, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও হোয়ানক ইউনিয়নের প্রায় ২২০ একর জমিতে তরমুজ চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে সোনাদিয়ায়। তরমুজ বিক্রি করে কৃষকেরা খরচ তুলে এনেও দেড় লাখ টাকা লাভ করবেন বলে আশা করা যায়।’