সাদা রসের­দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছে গাছে ঝুলছে ছোট মাটির পাত্র। কোনো কোনোটি ভরে উঠেছে সাদা রসে। শ্রমিকেরা বালতি নিয়ে পাত্র থেকে রস সংগ্রহ করছেন। ছবিটি ফটিকছড়ির তারাখো রাবার বাগান থেকে তোলা  l প্রথম আলো
গাছে গাছে ঝুলছে ছোট মাটির পাত্র। কোনো কোনোটি ভরে উঠেছে সাদা রসে। শ্রমিকেরা বালতি নিয়ে পাত্র থেকে রস সংগ্রহ করছেন। ছবিটি ফটিকছড়ির তারাখো রাবার বাগান থেকে তোলা l প্রথম আলো

গাছে গাছে ঝুলছে ছোট মাটির পাত্র। কোনো কোনোটি ভরে উঠেছে সাদা রসে। শ্রমিকেরা বালতি নিয়ে পাত্র থেকে রস সংগ্রহ করছেন। ফটিকছড়ির তারাখো রাবার বাগানে এখন চলছে ভরা মৌসুম। রাবারচাষিদের কর্মব্যস্ততায় মুখর ১ লাখ ২৫ হাজার গাছের এই বাগান।
কেবল তারাখো নয়, উপজেলার কাঞ্চননগর, দাঁতমারা ও রাঙ্গামাটিয়া রাবার বাগানেও চলছে রস উৎপাদন। সারা বছর কমবেশি উৎপাদন হলেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস সবচেয়ে বেশি রস পাওয়া যায় রাবার গাছ থেকে। উপজেলার চারটি বাগানের শ্রমিকেরা এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রস সংগ্রহের কাজ করছেন। রাবার বাগানগুলোর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, গত বছর উপজেলার রাবার বাগানগুলো রাবার বিক্রি করে ছয় কেটি টাকা আয় করেছে। এ বছর আরও নতুন গাছ থেকে রাবার উৎপাদন হওয়ার কথা। সে হিসেবে গত বছরের চেয়ে এ বছর আয় বেশি হবে।
সরেজমিনে তারাখো রাবার বাগানে গিয়ে দেখা যায়, বাগানের শ্রমিকেরা কাঁচা রস বালতিতে ভরে কারখানায় সরবরাহ করছেন। কর্মরত কয়েকজন শ্রমিক জানান, কারখানায় রসের সঙ্গে পানি ও অ্যাসিড মিশিয়ে নির্ধারিত ইস্পাতের পাত্রে জমা রাখা হয়। এরপর রোলারের মাধ্যমে পানি বের করে শুকানো হয়। পরে নির্ধারিত কক্ষে সেগুলো আগুনে পোড়ানো হয়। ওই প্রক্রিয়া শেষে রাবার বস্তাভর্তি করে গুদামজাত করেন তাঁরা। রাবার বাগানের শ্রমিক নুরুল আমিন বলেন, প্রতিদিন গড়ে একজন শ্রমিক ৩৫ থেকে ৪০ কেজি রস সংগ্রহ করতে পারেন। প্রতি কেজি সংগ্রহের জন্য তাঁরা পাঁচ টাকা করে পারিশ্রমিক পান।
গত বছরের চেয়ে এ বছর উপজেলায় রাবারের উৎপাদন বাড়বে বলে বনশিল্প উন্নয়ন করপোরেশন ও বাগানের ব্যবস্থাপকেরা জানান। তারাখো রাবার বাগানের ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, বাগানের ১ লাখ ২৫ হাজার গাছ থেকে গত বছর ৩৬০ টন রাবার উৎপাদিত হয়। রাবার বিক্রি করে প্রায় সাড়ে তিন কোটি টাকা লাভও হয়েছে। এ বছর লাভের পরিমাণ আরও বাড়বে। আগামী জুলাই মাসে বাগানের আরও ৮০০ একর জায়গায় ১৬ হাজার নতুন গাছ লাগানো হবে বলে তিনি জানান।
কাঞ্চননগর ও দাঁতমারা রাবার বাগানও গত বছর লাভের মুখ দেখেছে। কাঞ্চননগর রাবার বাগানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, এবার প্রায় এক লাখ গাছ থেকে রস সংগ্রহ করা হবে।
গত মৌসুমে বাগানের রাবার বিক্রি করে আয় হয়েছিল এক কোটি টাকা। এ বছর উৎপাদন আরও বাড়বে। পাশাপাশি নতুন করে ১২ হাজার গাছও লাগানো হবে।
দাঁতমারা রাবার বাগানের ব্যবস্থাপক তারেক আজাদ বলেন, বাগানের ২ লাখ ১১ হাজার গাছ থেকে গত বছর রস সংগ্রহ করা হয়। লাভ হয়েছিল দুই কোটি টাকার মতো। এ বছর আরও ১৫ হাজার চারা লাগানো হবে।
উপজেলার রাঙ্গামাটিয়া রাবার বাগান থেকে গত বছর প্রথম রাবার উৎপন্ন হয়েছে। বাগানের ব্যবস্থাপক হজরত আলি বলেন, গত বছর ৫০ হাজার গাছ থেকে রাবার উৎপন্ন হয়েছিল। এ বছর ৯৬ হাজার গাছ থেকে রাবার উৎপন্ন হবে। পাশাপাশি ৩১ একর নতুন জায়গায় গাছ লাগানো হবে বলে জানান তিনি। রাবার বিক্রি করে এ বছর বাগানটি লাভের মুখ দেখবে বলে আশা করছেন তিনি।
বাগানগুলোর কর্মকর্তারা জানান, উৎপাদিত রাবার দিয়ে জুতা, ফুটবল, টায়ারের টিউব, গাড়ির যন্ত্রাংশ, আঠা, ওষুধ, ব্যাগ ও বেল্ট তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে রাবারের দর প্রভাব ফেলে দেশের বাজারেও। গত বছর আন্তর্জাতিক বাজারে রাবারের দাম বেশি ছিল বলে প্রতি কেজি বিক্রি হয়েছে ২৬৫ থেকে ২৭০ টাকায়। বর্তমানে প্রতি কেজি রাবারের দাম ১০৩ থেকে ১১০ টাকা।