সাদা সোনা বেচে ওরা বেঁচে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোর চারটায় ঘুম থেকে উঠেই ছুটতে হয় বাগানে। বাগানের গাছ থেকে সাদা কষ সংগ্রহ করে তা বালতিতে ভরে পৌঁছে দিতে হয় মূল সড়কে, ট্রাক্টরে। খারাপ যোগাযোগব্যবস্থার কারণে এতে খুব কষ্ট হলেও তা মেনে নিই। কারণ এই সাদা কষই আমাদের কাছে সাদা সোনা। এ কষ থেকে তৈরি রাবার বেচে পাওয়া লাভের টাকা দিয়ে চলে আমাদের পরিবারের ভরণপোষণ।’ এভাবেই জীবনযুদ্ধে বেঁচে থাকার বর্ণনা দিচ্ছিলেন খাগড়াছড়ির দীঘিনালার রাবারচাষি সুশীল চাকমা ও মঙ্গল বিহারী চাকমা। সুশীল চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উঁচুভূমি বন্দোবস্তকরণ প্রকল্পের আওতাধীন এক নম্বর যৌথ খামারের এবং মঙ্গল বিহারী চাকমা দুই নম্বর যৌথ খামারের রাবারচাষি। এদের মতো দুই হাজার ৩০০ পরিবারের সদস্যদের জীবন চলে রাবার প্রকল্পে কাজ করে। রাবারচাষি ও প্রকল্প সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে ভূমিহীন উপজাতি (আদিবাসী) মানুুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্প (বহুমুখী), ঊঁচুভূমি বন্দোবস্ত প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় ১৩ হাজার ২০০ একর ভূমিতে নেওয়া হয় রাবার বাগান সৃজন প্রকল্প। এতে পরিবারপ্রতি রাবার চাষের জন্য চার একর, ফলের বাগান করার জন্য দুই একর ও বসতভিটার জন্য ২৫ শতক ভূমি বন্দোবস্ত দেওয়া হয়। এসব ভূমিতে চেঙ্গী, মাইনী ও কাচালং উপত্যকায় সৃষ্টি করা হয় ৫৫টি যৌথ খামার। এতে পুনর্বাসিত হয় দুই হাজার ৩০০ পরিবার। রাবার প্রক্রিয়াজাত করার জন্য দীঘিনালা, মাটিরাঙা, খাগড়াছড়ি সদর, বাঘাইছড়ি ও বান্দরবানে স্থাপন করা হয় নয়টি রাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা। এসব কারখানায় বাগান থেকে সংগ্রহ করা কষ প্রক্রিয়াজাত করে দিনে সাড়ে তিন মেট্রিক টন রাবার শিট উৎপাদন করা হয়। রাবারগুলো বিক্রির ৬০ শতাংশ পান রাবারচাষিরা আর ৪০ শতাংশ পান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এই ৪০ শতাংশ দিয়ে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়। সরেজমিনে কয়েকটি রাবার প্রকল্প (যৌথ খামার) গ্রাম ঘুরে দেখা গেছে, চাষিদের মধ্য থেকে একদল কষ সংগ্রহকারী গাছ থেকে কষ সংগ্রহ করে বড় একটি বালতিতে ভরছেন। আরেকদল কষভর্তি বালতি কাঁধে করে নিয়ে যাচ্ছেন সড়কে। সেখান থেকে ট্রাক্টরে করে কষগুলো নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ কারখানায়। এই রাবার বিক্রি থেকে পাওয়া লভ্যাংশ কম হওয়াসহ নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বোয়ালখালী ইউনিয়নের দুই নম্বর যৌথ খামারের ললিত ত্রিপুরা বলেন, ‘কষ সংগ্রহ করে রাস্তা পর্যন্ত আনতে খুব পরিশ্রম হয়। কিন্তু সে তুলনায় আমাদের লভ্যাংশ খুব কম। তবু বেঁচে থাকার জন্য কাজ করে যাচ্ছি। তবে লভ্যাংশ বাড়ালে আমাদের ভালো হতো।’ বোয়ালখালী ৩ নম্বর প্রকল্পের সদস্য কান্তি ত্রিপুরা (৭৫) বলেন, ‘রাত-দিন পরিশ্রম করে নিজের সন্তানের মতো রাবার বাগান সৃষ্টি করেছি। কিন্তু এখনো আমার নামে বন্দোবস্তির কাগজ (কবলা) পাইনি।’ নাম প্রকাশ না করে এক চাষি অভিযোগ করেন, কিছু দুর্বৃত্ত প্রায় সময় বাগান থেকে রাতের আঁধারে রাবার গাছ কেটে নিয়ে যায়। পাহারা দিয়েও গাছ কাটা থামানো যাচ্ছে না। এ ছাড়াও প্রকল্প এলাকায় রয়েছে নিরাপদ পানীয় জলের সমস্যা। পুনর্বাসিত পরিবার বহুমুখী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সভ্য চাকমা জানান, দুই হাজারের বেশি আদিবাসী পরিবার রাবার বিক্রির আয়ের ওপর নির্ভরশীল। এ রাবার সবার কাছে সাদা সোনা হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমাদের প্রতিটি যৌথ গ্রামে (খামারে) একজন করে নেতা আছেন। গ্রামে কোনো সমস্যা হলে নেতা সবার সঙ্গে বসে সমস্যার সমাধান করেন। কর্তৃপক্ষের সঙ্গে চাষিদের ভুল বোঝাবুঝি হলেও আলোচনার মাধ্যমে সমাধান করা হয়।’ প্রকল্পের মহাব্যবস্থাপক সুখময় চাকমা বলেন, ‘মূলত ভূমিহীন জুমিয়া আদিবাসী পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ রাবার বাগান সৃষ্টি করা হয়েছে। পরিবারগুলোকে ভূমি বন্দোবস্তি দেওয়ার ব্যাপারে কিছু সমস্যা রয়েছে। সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।’ তিনি জানান, রাবার বিক্রি করে যে টাকা পাওয়া যায় তা থেকে চাষিদের ৬০ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়। বাকি টাকা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও আনুষঙ্গিক খাতে খরচ করা হয়। রাবার বিক্রিতে আয় বাড়লে তাতে সবার লাভ হবে বলে তিনি মন্তব্য করেন।