সাদা, হলুদের ভোটযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর এক দিন পেরোলেই ৪ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ও ভোটারদের কাছে গিয়ে চলছে গণসংযোগ।
সরকার দলীয়-বামপন্থী শিক্ষকদের সঙ্গে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক জোটের ভোটযুদ্ধে দেশের চলমান রাজনীতি একটি বড় প্রভাবক হলেও মুখে সে কথা বলতে নারাজ প্রার্থীরা। বরং নির্বাচিত হলে শিক্ষকদের জীবনের মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম বৃদ্ধি ও পেশাদারি বাড়ানোর কথা বলেছেন তাঁরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে ১১টি পদে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল এবং বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২২ জন প্রার্থী। নির্বাচনে ভোটার আছেন ৮৬৬ জন শিক্ষক। ৪ এপ্রিল চূড়ান্ত ভোট গ্রহণের দিন ধার্য হলেও এর আগে গত ২৭ ও ২৮ মার্চ এবং ১ এপ্রিল অগ্রিম ভোট দিয়েছেন ২৫৪ জন শিক্ষক।
শিক্ষক সমিতি সূত্র জানায়, সভাপতি পদে হলুদ দলের হয়ে অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ও সাদা দলের হয়ে মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের অধ্যাপক শওকতুল মেহের নির্বাচন করছেন। সাধারণ সম্পাদক পদে হলুদ দলের লোকপ্রশাসন বিভাগের খসরুল আলম কুদ্দুসী ও সাদা দলের প্রার্থী হয়েছেন অর্থনীতি বিভাগের মোহাম্মদ সাইফুল ইসলাম।
কোন কোন ইস্যু সামনে রেখে নির্বাচনী প্রচারণা চলছে—এমন প্রশ্ন করা হলে হলুদ দলের সভাপতি প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচিত হলে শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেব।’
অপর দিকে সাদা দলের সভাপতি প্রার্থী অধ্যাপক শওকতুল মেহের বলেন, ‘জাতীয় রাজনীতির সঙ্গে শিক্ষকদের কোনো সম্পর্ক নেই। আমরা নির্বাচিত হলে শিক্ষকদের পেশাদারি বাড়ানো ও মর্যাদা বৃদ্ধির দিকে নজর দেব।’
নির্বাচনে হলুদ দলের হয়ে সহসভাপতি পদে পদার্থবিদ্যা বিভাগের শ্যামল রঞ্জন চক্রবর্তী, কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হানিফ সিদ্দিকী ও যুগ্ম সম্পাদক পদে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ অহিদুল আলম নির্বাচন করছেন। সাদা দলের প্রার্থীরা হলেন সহসভাপতি পদে রসায়ন বিভাগের মো. আবদুল মান্নান, কোষাধ্যক্ষ পদে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের মো. শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের জাকিয়া রেহানা।
সমিতির কার্যকরী পরিষদের ছয়টি সদস্য পদে হলুদ দলের হয়ে নির্বাচন করছেন পালি বিভাগের অরূপ বড়ুয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোহাম্মদ কামরুল হুদা, নৃবিজ্ঞান বিভাগের ফরিদ উদ্দিন আহামেদ, মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের সজিব কুমার ঘোষ, সংস্কৃত বিভাগের সুপ্তিকণা মজুমদার ও ব্যবস্থাপনা বিভাগের সাহিদুর রহমান।
সাদা দলের হয়ে এই ছয়টি পদে পদার্থবিদ্যা বিভাগের এ কে এম আরিফুল হক সিদ্দিকী, দর্শন বিভাগের মোহাম্মদ আবদুল মান্নান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শাহ আলম, অর্থনীতি বিভাগের মোহাম্মদ মোর্শেদুল হক, আরবি বিভাগের মুহাম্মদ নুরুল ইসলাম ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোহাম্মদ মোশারফ হোসেন নির্বাচন করছেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অগ্রীম ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি চূড়ান্ত ভোট গ্রহণও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’