সাদামাটাই স্মার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেও তরুণদের দেখা যেত বেশ কয়েক রকম ব্রেসলেট হাতে পরতে, কানে পিয়ার্সিং করাতে। ট্যাটুর নকশাও বেশ জনপ্রিয় ছিল। পোশাকেও গাঢ় রংগুলোই প্রাধান্য পেত। তবে এখন দেখা যাচ্ছে, সাদামাটা লুকই তাঁদের বেশ পছন্দ। ফিটফাট, স্মার্ট—এ রকমই বলা যায় এ সময়ের তরুণদের ফ্যাশন।সাদা রং তো আছেই। ছাই, কমলা, লাল, হলুদ, হালকা নীল রঙের টি-শার্ট এ সময়ে বেশ পরতে দেখা যাচ্ছে তরুণদের। চুলের স্টাইলও সাদামাটা, ছোটই চলছে। ভারী জুতার চেয়ে বরং চটি স্যান্ডেল বা পাতলা স্নিকারই পায়ে গলাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এ সময়ের তরুণেরা। মোট কথা, এই সময়ে তরুণদের লুক মানেই হালকা, সাদামাটা, পরিচ্ছন্ন ভাব।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিক ফয়সালের সঙ্গে কথা হয় এ নিয়ে। তিনি বলেন, ‘ক্লাস আর প্রতিদিনকার কাজে এমন পোশাক-আশাক প্রয়োজন, যাতে ফ্যাশন আর আরাম দুটোই থাকে। এ কারণে টি-শার্ট আর জিন্স মিলিয়ে ক্যাজুয়াল ভাবটাই আমার পছন্দের।’ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত আনিসুর রহমানের পছন্দ ক্যাজুয়াল পোশাক। ‘অফিসের কাজ আর বাকি সময়ের আড্ডা—সবকিছুতেই এটি বেশ মানিয়ে যায়। সব উপলক্ষেই এ ধরনের পোশাক পরে স্বস্তি পাওয়া যায়।’ বললেন তিনি।ফ্যাশন হাউস ওটুর প্রধান পরিচালন কর্মকর্তা আসিফ ইবনে মান্নান বলেন, ‘এখনকার তরুণদের কাছে ফ্যাশনের সংজ্ঞা বদলে গেছে। এখন ফ্যাশন মানে পরিপাটি আর স্বস্তিকর কিছু। এ সময়ে ছেলেদের কাছে ক্যাজুয়াল বা সাদামাটা ফ্যাশনটা বেশ প্রিয়। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, পরিবারের পুনর্মিলন ও প্রতিদিনকার জীবনযাপনে এ ধারাটা বেশি চলছে। তাই ফ্যাশন হাউসগুলোও তরুণদের পোশাকের নকশায় এ বিষয়গুলো চিন্তা করেই করছে।’এখনকার আবহাওয়ায় ফ্যাশনের এ ক্যাজুয়াল ধারাটা বেশ মানানসই বলে মনে করেন হেয়ারোবিক্সের সৌন্দর্য পরামর্শদাতা তানজিমা শারমিন। তিনি বলেন, ‘এখন গরম পড়েছে বেশ, আবার মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে। এ সময় পোশাকের রং আর উপাদানের দিকে নজর দিতে হবে। ভ্যাপসা গরম হওয়ায় সাদা রঙের বা রোদের তাপে ঠান্ডা থাকবে—এ রকম উপাদানের পোশাক পরলে ভালো হয়। মানে হলো, আপনি যা-ই পরবেন, তা যেন স্বাচ্ছন্দ্যময় হয়।’ তিনি জানান, ক্যাজুয়াল ভাবের সঙ্গে মিলিয়ে চুলের ধরনটাও সে রকম রাখা যেতে পারে। তবে তা মানানসই ও চেহারার উপযোগী হতে হবে। এ ক্ষেত্রে স্পাইক চুল প্রায় সবাইকেই ভালো মানায়।তানজিমা শারমিন আরও জানান, ফ্যাশনটা যেমন হোক না কেন, স্বাচ্ছন্দ্য আর ভালো লাগাটাই মূলকথা। ক্যাজুয়ালপোশাকের সঙ্গে দৃষ্টিকটু লাগে—এমন কোনো অনুষঙ্গ ব্যবহার করা যাবে না।আসিফ ইবনে মান্নান জানান, ইদানীং অনেকে শার্ট-প্যান্টের সঙ্গে চামড়ার জুতা বা স্যান্ডেল পরেন। তবে ক্যাজুয়াল ফ্যাশনে স্নিকার ভালো মানায় আর দেখতেও ভালো লাগে। আর ক্যাজুয়াল ফ্যাশনেই শার্ট-প্যান্টের সঙ্গে মিলিয়ে রোদচশমা ও হাতঘড়ি পরলে মন্দ হয় না। কেউ কেউ ক্যাজুয়াল পোশাক-আশাকে পার্টিতেও অংশ নেন। এ সময় পরনের বেল্টটি পার্টির উপযোগী কি না, তা দেখে নিতে হবে।বাজারে বিভিন্ন ধরনের নকশা ও ব্র্যান্ডের টি-শার্ট, জিন্স ও গ্যাবাডিন প্যান্ট পাওয়া যাবে। টি-শার্টের দাম পড়বে ২০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা। আর জিনসের প্যান্ট পাওয়া যাবে ৫০০ থেকে চার হাজার টাকায়। ৪০০ টাকা থেকে তিন হাজার ৬০০ টাকায় মিলবে গ্যাবাডিন প্যান্ট। বিভিন্ন ধরনের স্নিকার ৯০০ টাকা থেকে তিন হাজার ২০০ টাকায় পাওয়া যাবে।