সাদার্ন বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী চলচ্চিত্র নির্মাণ ও বিজ্ঞাপন তৈরি–বিষয়ক তিন দিনের কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ২৫ থেকে ২৮ আগস্ট এই কর্মশালা চলে। একাডেমিক কোর্সের অংশ হিসেবে চলচ্চিত্র নির্মাণ ও বিজ্ঞাপন তৈরির নানা কৌশল ও মূল বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয় বিবিএ শিক্ষার্থীদের। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ত্রিকোণ চলচ্চিত্র শিক্ষালয়ের পরিচালক ও ত্রিকোণ চলচ্চিত্র অ্যাড এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ইহতিশাম আহমদ।
শিক্ষার্থীদের চলচ্চিত্র ও বিজ্ঞাপন তৈরির বিভিন্ন ইস্যু, বিশেষ চর্চা, টিভিসি, চলচ্চিত্র ও বিজ্ঞাপন এজেন্সিগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। ব্যবহারিক ক্লাসের মাধ্যমে এসব বিষয়ে দক্ষতা অর্জনে গুরুত্বারোপ করা হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে কর্মশালায় বিবিএর ১২ জন শিক্ষার্থী অংশ নেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।