সাদার্ন বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা–বিষয়ক সভা গত মঙ্গলবার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইসরাত জাহান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রক।
সভার শুরুতে গুলশান ও শোলাকিয়ায় নৃশংস হামলার নিন্দা এবং হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের তালিকা করা, প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের পর্যবেক্ষণে মনিটরিং কমিটি গঠন, এক সেমিস্টারের বেশি অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে ভর্তি বাতিল, অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের পরিবারকে অবহিত করা, অনুপস্থিত থাকার যথাযথ কারণ উল্লেখ করতে না পারলে ছাত্রত্ব বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করাসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।