সাদার্ন বিশ্ববিদ্যালয়ে পরিচিতি সভা
নিজস্ব ক্যাম্পাসে আধুনিক শিক্ষার সুবিধা ও পরিবেশ তৈরি করে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সাদার্ন বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শরীফুজ্জামান ব্যবসা প্রশাসন বিভাগের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভায় এই কথা বলেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই পরিচিতি সভায় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সরওয়ার জাহান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আব্দুল মোক্তাদীর, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান ও রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সরওয়ার জাহান বলেন, যুগোপযুগী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য।
পরিচিতি সভায় স্বাগত বক্তব্য দেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান। বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা নবাগত শিক্ষার্থীদের সামনে ব্যবসা প্রশাসন বিভাগ সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসান। বিজ্ঞপ্তি।