সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ফলপ্রসূ শিল্প সম্পর্কবিষয়ক কর্মশালা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ফলপ্রসূ শিল্প সম্পর্কবিষয়ক কর্মশালা সম্প্র্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদার সঞ্চালনায় কর্মশালার প্রধান আলোচক ছিলেন হাইডেলবার্গ সিমেন্ট লিমিডেটের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ আলমগীর।
তিনি শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন কৌশল কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। এই সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, ‘যেকোনো শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে কর্মীদের মধ্যে ফলপ্রসূ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কর্মীদের জন্য সুষ্ঠু কাজের পরিবেশ তৈরি, দক্ষতা উন্নয়ন, উদ্দীপনা এবং শৃঙ্খলা সৃষ্টিতে ফলপ্রসূ শিল্প সম্পর্ক খুবই প্রয়োজনীয়। এই কর্মশালার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই বিষয়ে অনেক কিছু শিখতে পেরেছে বলে আমার বিশ্বাস।’
কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। পরে প্রধান অতিথি কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি।