সাদার্ন বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ১৯ জুলাই শেষ হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালনায় হেকেপের আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক এ জে এম নুরুদ্দীন চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তাফা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, কর্মশালার প্রশিক্ষক অধ্যাপক মোজাহার আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও বিভাগের শিক্ষকেরা।
মো. নুরুল মোস্তাফা বলেন, শিক্ষকদের নেতৃত্ব ও সুশিক্ষা দানের মাধ্যমে জাতি এগিয়ে যাবে। দক্ষতা ও গুণগত শিক্ষার অন্যতম মাধ্যম হলো প্রশিক্ষণ ও অধ্যয়ন। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষাদানের কৌশলসমূহ শ্রেণিÿর শিক্ষার্থীদের মধ্যে কার্যকর প্রয়োগ ঘটাতে হবে।
তিন দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষকদের মূলত লার্নিং আউটকাম, অ্যাসেসমেন্ট সিস্টেম, কারিকুলাম ডিজাইন ও সেলফ অ্যাসেসমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে বিভিন্ন বিভাগের ১২৫ জন শিক্ষক অংশ নেন। পরে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।