সাদার্নের দশক পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক পূর্তিকে স্মরণীয় করে রাখতে ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সাদার্ন বিশ্ববিদ্যালয়। আয়োজনের মধ্যে ছিল আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের কাজের স্বীকৃতিসহ বিভিন্ন সামাজিক কাজ। গত ২৯ জানুয়ারি নগরের মেহেদীবাগের ক্যাম্পাসে ১৫ দিনব্যাপী এই বিশাল কর্মযজ্ঞের সমাপনী অনুষ্ঠান ছিল। এতে প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহান। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য শরীফুজ্জামান, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ও শফিক উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য নুরউদ্দিন চৌধুরী, ট্রাস্টের সদস্য কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আবসার, আব্দুস সালাম, ইসরাত জাহান, ও লোকমান হাকিম, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন আব্দুল মুক্তাদীর, মহিউদ্দিন খালেদ, মহিউদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার মুন্তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য শরীফুজ্জামান। তিনি বলেন, ‘অনেক চড়াই উৎরাই পেরিয়ে এ বিশ্ববিদ্যালয় আজকের এ অবস্থানে এসেছে। সবার সহযোগিতায় উচ্চশিক্ষার ক্ষেত্রে এ প্রতিষ্ঠান আগামীতে আমাদের এক অনন্য উচ্চতায় নিয়ে দাঁড় করাবে বলে আমাদের বিশ্বাস।’ প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, ‘আমি মনে করি ১০ বছরে সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী সময়েও রাখবে বলে আমার বিশ্বাস।’ আলোচনা অনুষ্ঠানের পরে শুরু হয় সাদার্ন ট্যালেন্ট শোর সেরা ১০ প্রতিযোগীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদের মধ্য থেকে তিনজনকে সেরা ট্যালেন্ট পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সবশেষে রাতের বেলায় নগরের একটি কমিউনিটি সেন্টারে ছিল ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১০ বছর উপলক্ষে ১৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় গত ১৩ জানুয়ারি। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় ১০ বছরের কর্মকাণ্ড ও অর্জন সম্পর্কে। এরপর থেকে প্রতিদিন শোভাযাত্রা, পুরোনো শিক্ষার্থীদের পুনর্মিলনী, উদ্যোক্তা মেলা, বিজ্ঞানমেলা, দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মিলাদুন্নবী, ট্যালেন্ট শোসহ প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান ছিল। ২০ জানুয়ারি উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী। মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত বাঁশ-বেত, বৈদ্যুতিক সামগ্রীসহ বিভিন্ন পণ্যের ১২টি স্টল স্থান পায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্যাম্বো গ্যালারি, ক্রিয়েটিভ লুক, হ্যান্ডিক্র্যাফট, রঙের ছোঁয়া প্রভৃতি। ২২ জানুয়ারি বিজ্ঞানমেলায় বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। ১৫ দিনব্যাপী এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ট্যালেন্ট শো। ২৬ জানুয়ারি সাদার্ন ট্যালেন্ট শোর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে ৪০০ শিক্ষার্থী অংশ নেন। শেষ পর্যন্ত ১০ জন প্রতিযোগী শীর্ষ পর্যায়ে ওঠেন।