সাদায় সতেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধতা, আভিজাত্য—সাদা রং প্রতিনিধিত্ব করে এসবেরই। তবে ফ্যাশন ডিজাইনার মাহিন খান মনে করেন, সাদা রঙের সঙ্গে যোগ আছে আরও একটি শব্দের—বাঙালিয়ানা। গরমের এই সময়টা সাদা রঙের পোশাক হয়ে উঠতে পারে ফ্যাশন, গ্ল্যামার—এসবেরও সমার্থক। আর সাদায় সতেজতা তো আসবেই।‘আমার ফ্যাশন ডিজাইনার-জীবনে বাঙালির রুচি সম্পর্কে যা বুঝেছি তা হলো, আমরা সূক্ষ্ম নকশার পোশাক পছন্দ করি। নকশার বাড়াবাড়ি, রঙের বাহুল্য আমাদের পছন্দ নয়। সাদামাটা সৌন্দর্যই আমাদের মন টানে। সাদা রংয়ের প্রতি তাই আমাদের পক্ষপাত আছেই।’ বলেন মাহিন খান। বয়স্কদের রং হিসেবে একটা সময় পরিচিত হলেও, সাদা কিন্তু এখন হয়ে উঠছে তরুণদেরও পছন্দের রং। যেকোনো সময়, যেকোনো উপলক্ষে পরা যায় সাদা রঙের পোশাক। আর মাহিন খানের মতে, সাদার সবচেয়ে বড় সুবিধা হলো, যেকোনো রঙের সঙ্গেই মিলিয়ে পরা যায়। ‘সাদার আবেদন চিরন্তন, ক্লাসিক। কখনোই তা পুরোনো হয় না।’ বলেন তিনি। আমাদের দেশে অবশ্য সাদা রঙের পোশাক পরে চলাফেরা করা একটু ঝামেলারই। দ্রুতই ময়লা হয়ে যাওয়ার আশঙ্কা। তবে আবহাওয়ার কথা ভাবলে কিন্তু সাদা রঙের পোশাকই সবচেয়ে আরামদায়ক। আর খাটো হাতার সাদা পোশাক তো দারুণ গ্ল্যামারসও। সময় আর উপলক্ষভেদে সাদা রঙের সঙ্গে ব্যবহার করতে পারেন ভিন্ন ভিন্ন অনুষঙ্গ। সে পরামর্শ দিয়েছেন মাহিন খান। যেমন, রাতের অনুষ্ঠানে কালো, গাঢ় নীল, লাল— এসব রঙের সঙ্গে মিলিয়ে সাদা রং পরতে পারেন। সোনালি রঙের গয়না সাদার সঙ্গে খুব মানায়। অক্সিডাইজড রুপার গয়নাও বেশ লাগে। তবে রুপার রংটা চকচকে হলে তা ভালো লাগবে না। এ ছাড়া মুক্তার এক লহরের মালাও পরতে পারেন।দিনের বেলা পরতে পারেন সাদা সালোয়ার-কামিজ, টপ। নীল জিনস বা ক্যাপ্রির সঙ্গে সাদা টপ দারুণ মানায়। এর সঙ্গে হাতে পরতে পারেন ব্রেসলেট। কয়েক রঙের চিকন চুড়ি পরলেও ভালো লাগবে। পোশাকের রং সাদা হলেও মেকআপটাও করা যায় অনেকভাবে। টকটকে লাল লিপস্টিক ব্যবহার করতে পারেন। চোখে থাকতে পারে গাঢ় স্মোকি সাজ। আবার একদম সাদামাটা মেকআপও মন্দ লাগবে না। অনেকে মনে করেন, শুধু ফরসা মানুষেরই সাদা রং মানায়। কিন্তু মাহিন খান বলেন, বরং গায়ের রং একটু চাপা হলেই সাদা রংটা মানিয়ে যায়। খুব ফরসা মানুষকে সাদা রঙে একটু ফ্যাকাসে দেখায়। গাঢ় কোনো রঙের সঙ্গে মিলিয়ে সাদা রংটা পরাই তাদের জন্য ভালো। ফ্যাশন হাউস মায়াসীর প্রতিবছরই সাদা রঙের পোশাক আনে। এ বছর মসলিন, ভয়েল, সুতি, শিফন কাপড় ব্যবহার করে তৈরি করা হয়েছে নানারকম পোশাক। সুতার কাজও থাকছে তাতে। এ ছাড়া ফ্যাশন হাউস সাদাকালোতে পাবেন সাদা রঙের পোশাক। নবরূপা, টাঙ্গাইল শাড়ি কুটিরসহ বেইলি রোডের শাড়ির দোকানগুলোতে পাবেন চিকন পাড়ের সাদা সুতি শাড়ি। এ ছাড়া ঢাকার চাঁদনি চকে পাবেন সাদা গজকাপড়, যা দিয়ে শাড়িও বানিয়ে নিতে পারেন।আরাম, ফ্যাশন—দুইয়ের জন্যই পরতে পারেন সাদা রঙের পোশাক। মডেল: নন্দিনী পোশাক: মায়াসীর সাজ: ফারজানা শাকিল’স মেকওভার স্যালন