সাদায় সতেজ আমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। বেশ আয়োজন করেই মাঠে খেলতে নামেন তিনি। মনটাকে রাখেন ফুরফুরে। জেল ব্যবহার করে চুলটা স্পাইক করে নেন অন্য সময়ের মতোই। পায়ের বুট থেকে শুরু করে হাতের গ্লাভস—সবটাই হওয়া চাই তাঁর মনের মতো। আমিনুল হকের মতে, তাঁর ভালো খেলার অন্যতম রহস্য হলো মনের ভেতরের সতেজতা। পোশাক ও সাজসজ্জা সব ঠিকমতো হলেই মনটা সজীব ও সতেজ থাকে তাঁর। সাধারণত চলতি ট্রেন্ড বুঝে নিজেকে সাজাতে ভালোবাসেন গোলরক্ষক আমিনুল। বলেন, ‘নীল রঙের জিনস আর টি-শার্ট আমার সবচেয়ে পছন্দের পোশাক। আরেকটা মজার বিষয় হলো, আমার তৈরি হতে ১০ মিনিটের বেশি সময় লাগে না।’সাদা রংটার প্রতি বিশেষ দুর্বলতা আছে আমিনুলের। তাই নিজের আলমারির বড় অংশজুড়েই সাদার ছড়াছড়ি। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা পরতে পছন্দ করেন। নানা রঙের জুতা কেনেন তিনি। জুতায় পছন্দের ব্র্যান্ড অ্যাডিডাস ও নাইকি। কোন ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি বিবেচনা করে পোশাক নির্বাচন করেন এই ফুটবলার। পরিবেশ বুঝে যেমন পরেন পাঞ্জাবি, তেমনি বিশেষ কোনো অনুষ্ঠানে গেলে স্যুট-টাই পরে ফরমাল লুক আনেন। ফুটবলার আমিনুল হক জাতীয় দলে খেলেছেন ১৯৯৬ সাল থেকে ২০১১ পর্যন্ত। এরপর জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। জাতীয় দলের সব জার্সি আছে তাঁর সংগ্রহে। বর্তমানে খেলছেন টিম বিজেএমসির হয়ে। খেলার বাইরের বাকিটা সময় স্ত্রী বিলকিস আরা এবং দুই সন্তান ইয়ানা ও আয়ানের জন্য বরাদ্দ। এই ফুটবলার তাঁর গাড়িতে সব সময় রাখেন ২০১০ সালের এশিয়ান গেমসের বলটা। বলটা তাঁর খুব প্রিয়। ফুটবল ও হাতের গ্লাভস তাঁর প্রিয় হলেও সংগ্রহে রাখতে পারেন না। ছত্রাকের কারণে নষ্ট হয়ে যায়। কিন্তু এই বল কীভাবে যেন অনেক দিন টিকে গেছে। ঘড়ি পরেন মাঝেমধ্যে। গরমে সঙ্গে থাকে রোদচশমা। খেলার আগে কোচের নির্দেশ মেনেই ব্যায়াম করেন। সব মিলিয়ে এই হচ্ছে গোলরক্ষক আমিনুল হক।