বদলে গেছে সাদিদের ভুবন। গোপালগঞ্জের ছোট্ট শহরের সাদিদ আজ সারা দেশের তারকা। সাদিদের মুঠোফোন এখন প্রশংসাসূচক বার্তায় ভর্তি। পথে, ঘাটে, বাড়িতে, কলেজে যে যেখানে দেখছেন সাদিদকে, পিঠ চাপড়ে বলছেন, ধন্য ছেলে তুমি! কিন্তু কেন? সাদিদ কি কোনো জাদুর কাঠির ছোঁয়া পেয়েছে? না, সাদিদ কোনো জাদুর কাঠি পায়নি। তবে যেটা পেয়েছে, সেই প্রাপ্তিটা বোধ করি জাদুর কাঠিকেও ছাড়িয়ে গেছে খানিকটা। গল্পটা শুনুন তাহলে। সাদিদ সদ্য সমাপ্ত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার আই-জিনিয়াসের মুকুট জয় করেছে। পুরস্কার হিসেবে পেয়েছে এক লাখ টাকার শিক্ষা বিমা এবং নরওয়েতে সাত দিনের অবকাশ যাপনের সুযোগ। পেয়েছে টেলিযোগাযোগমন্ত্রীর কাছ থেকে একটি দোয়েল ল্যাপটপ উপহার। এ ছাড়া একটি ক্রিস্টাল হ্যান্ডসেট এবং এক বছরের জন্য বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তো থাকছেই আর সব আই-জিনিয়াস বিজয়ীর মতো।তো হঠাৎ করে তারকা বনে যাওয়া সাদিদ কি এখন খ্যাতির বিড়ম্বনায় ভুগছে? প্রশ্ন শুনে হেসে ফেলে, ‘না, আমি এসব প্রশংসা শুনে অভ্যস্ত!’ ভাবছেন কীভাবে? শুনুন তাহলে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পেয়েছে সাধারণ গ্রেডে বৃত্তি। এসএসসিতে জিপিএ-৫ এবং এইচএসসির নির্বাচনী পরীক্ষায়ও জিপিএ-৫। অপেক্ষায় আছে এইচএসসির চূড়ান্ত পরীক্ষাতে ধরে রাখতে এমন সাফল্যের। এখানেই শেষ নয়। সাদিদ সদ্য সমাপ্ত গোপালগঞ্জ গণিত অলিম্পিয়াড ২০১০-এ হায়ার সেকেন্ডারি বিভাগে হয়েছে চ্যাম্পিয়ন।কীভাবে সম্ভব এত ছোটতেই এত কিছু করা? সম্ভব, কারণ সাদিদ যে স্বপ্নকে সব সময় উঁচুতে রাখেন। বিশ্বাস না-হয় ১৯ অক্টোবর ২০১১ তারিখের প্রথম আলোর আই-জিনিয়াস কমিউনিটি পাতা দেখুন। সেখানে সাদিদ বলেছে, ‘স্বপ্ন সব সময় উঁচুতে থাকতে হবে।’ তো এমন স্বাপ্নিকের পক্ষেই তো সম্ভব জয়ের মুকুট করায়ত্ত করা। গ্র্যান্ডমাস্টার সাদিদ তার অনুভূতিতে বলে, ‘এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমাদের ১০২ জন আই-জিনিয়াসের সবার।’ সে আরও জানায়, ‘বাংলাদেশের আছে অপার সম্ভাবনা। তা আমরা আমাদের কথায় নয়, কাজে দেখিয়ে দিতে চাই।’ গ্র্যান্ডমাস্টার নির্বাচিত হওয়ার পর উপস্থাপক সাদিদকে বলেন, ‘তোমার এখন কার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে?’ সাদিদ জানায়, মায়ের সঙ্গে। ফোন দেওয়া হলো মাকে। সাদিদের এক হাতে মুঠোফোন অন্য হাতে মাইক্রোফোন। সে মাকে বলে, ‘মা, আমি বাংলাদেশের আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার হয়েছি।’ ওই প্রান্তের কণ্ঠস্বরটি তখন ভেজা। মাইক্রোফোনে সাদিদও অশ্রুসিক্ত কণ্ঠে বলে, ‘সি ইজ ক্রাইং।’সাদিদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে সাদিদ বড়। সে সরকারি বঙ্গবন্ধু কলেজে বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।