সাদ্দামের সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমবাগান ছিন্নমূল কলোনির পাশেই রেললাইন। ঝিক ঝিকা ঝিক ট্রেন চলে, তা দেখে সাদ্দামের মন নাচে। রেললাইনের ধারে বসে খেলা করত ১০ বছর বয়সী সাদ্দাম হোসেন। একদিন খেলতে খেলতেই ট্রেনের নিচে পড়ে যায় সে, কাটা পরে ডান হাত ও বাম পা। হাত-পা হারালেও জীবন তাকে হারাতে পারেনি। সেই থেকে সংগ্রাম শুরু সাদ্দামের। চট্টগ্রাম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাদ্দাম। নগরের আমবাগান ছিন্নমূল কলোনির ছোট্ট কুঁড়েঘরে তাই আজ আনন্দের বন্যা।সাদ্দামের বাবা মোহাম্মদ শহীদ আগে ভ্যানগাড়ি চালাতেন, এখন রিকশা চালান। মা নিলুফা বেগম অন্যের বাসায় কাজ করেন। চার ভাইবোনের মধ্যে সাদ্দাম দ্বিতীয়। বড় ভাই বেকার, বোন পোশাকশ্রমিকের কাজ করে, ছোট ভাইটি ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে। সাদ্দাম হোসেন বাম হাত দিয়েই সব কাজ করে। আর হাঁটে ক্রাচে ভর দিয়ে। তবে মেধা, চেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। ছেলের সাফল্যে দারুণ খুশি সাদ্দামের মা নিলুফা। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পোলারে অনেক কষ্ট কইরা পড়ালেহা শিখাইসি। আমার বাপজান অনেক বড় হবে এই দোয়া করি।’ সাদ্দামের বাবা বলেন, ‘আমার শরীর তো দেখতেছেন। পরিশ্রম করতে করতে ডেড বডি হয়ে গেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। ’ ‘অনেকে বলেছিল সাদ্দাম জিপিএ-৫ তো পাবেই না, হবে না পড়ালেখাই ওকে দিয়ে। আমি এবং আরও কয়েকজন শিক্ষক সাদ্দামের ভর্তি পরীক্ষার ফলাফল দেখে ভর্তি করিয়ে নিই। পরে বুঝলাম ওকে দিয়েই হবে এবং সে তা করে দেখিয়েছে।’—একে খান ইউসেপ কালুরঘাট টেকনিক্যাল স্কুলের মেকানিক্যাল বিভাগের প্রধান মো. সোলায়মান আলী সাদ্দাম সম্পর্কে এমনটাই বললেন।ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সাদ্দাম জানায়, ‘চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। মা-বাবাকে আর কষ্টের মধ্যে থাকতে দিতে চাই না।’ ফেলে আসা দিনগুলোর কথা বলতে গিয়ে কষ্টে নীল হয়ে যায় সাদ্দামের মুখটা—‘শারীরিক প্রতিবন্ধী হওয়ায় লোকে ল্যাংড়া-খোঁড়া বলে খেপাত আমাকে। তা শুনে আমার ভেতরে জেদ চেপে বসল। এগিয়ে এল চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংগঠন সংশপ্তক। আমাকে বিভিন্ন সাহায্য দিয়েছে। ট্রেনে কাটা পরার আগে একটা মাদ্রাসায় পড়তাম। দুর্ঘটনার পর ২০০৪ সালের জুলাইয়ে ইউসেপ আমবাগান স্কুলে অষ্টম শ্রেণীতে ও ২০০৯ সালে একে খান ইউসেপ কালুরঘাট টেকনিক্যাল স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হই। এ স্কুল থেকেই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাই।’ বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ৫৭ জনের মধ্যে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। সাদ্দাম হোসেন তাদের একজন। বিদ্যালয়টি এবার চট্টগ্রাম কারিগরি শিক্ষাবোর্ডে প্রথম হয়েছে। সারা দেশে এ বিদ্যালয়ের স্থান দ্বিতীয়। শিক্ষকেরা জানান, সাদ্দাম শুধু পড়াশোনায় ভালো তা নয়। ছবি আঁকা, কবিতা আবৃত্তি, গান, অভিনয়েও সমান পারদর্শী। ইতিমধ্যেই সে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার ও সনদ পেয়েছে। জীবনে বড় কোনো চাওয়া আছে?—এমন প্রশ্নের উত্তরে সাদ্দাম জানায়, ‘স্বপ্ন একটাই, কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া। আর মানুষ হিসেবে অন্যদের শ্রদ্ধা আর সম্মানটুকু পেতে চাই।’