
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ডে জেলায় একমাত্র নারী প্রার্থী হয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া। তিনি ৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন। পরিষদে সাধারণ ওয়ার্ড রয়েছে ১৫টি, সংরক্ষিত নারী ওয়ার্ড পাঁচটি।
৫ নম্বর ওয়ার্ডটি চকরিয়া উপজেলার বিএমচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং ইউনিয়ন এবং পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কমর উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বদরুদ্দোজা, জাতীয় পার্টির নেতা মাহবুব রহমান ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ১৬ ডিসেম্বর সকালে জন্নাতুল বকেয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জন্নাতুল বকেয়া বলেন, ‘সংরক্ষিত ওয়ার্ড বা আসন-এ শব্দটি নারীদের সঙ্গে খুব পরিচিত। নেহাত ব্যতিক্রম না হলে নারীরা এর বাইরের যান না। আমি এবার পুরুষদের সঙ্গে লড়াইয়ে নেমেছি। সাধারণ ওয়ার্ডে প্রার্থী হয়েছি। নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করতে চাই।’
মতবিনিময় সভায় জানানো হয়, জন্নাতুল বকেয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন দীর্ঘদিন ধরে। জন্নাতুল বকেয়া বলেন, ‘নারীর অধিকার নিশ্চিত করতে আন্দোলন–সংগ্রাম করেছি। শিক্ষার উন্নয়নেও নিজেকে শামিল করেছি। প্রমাণ করতে চাই ইচ্ছাশক্তি থাকলে নারীরাও পারেন।’