সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই
ইরানে এর আগে ফল ও মুরগির মাংস বিলাসিতা মনে করা হতো সেই ১৯৮০-র দশকে। ইরাকের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধে দেশের অর্থনীতির তখন নাজুক অবস্থা। তবে ইরানিরা খুশিমনে তা মেনে নিয়েছিল। তাদের বিশ্বাস ছিল, সাদ্দাম হোসেন ও তাঁর পশ্চিমা সমর্থকদের কবল থেকে নবীন ইসলামি প্রজাতন্ত্রটি রক্ষা করা প্রয়োজন। এ জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে।আড়াই দশক পর আবারও ইরানের পরিস্থিতি যুদ্ধে লিপ্ত একটি দেশের মতো। যদিও এখন পর্যন্ত তাদের অস্ত্রগুলো নীরব।আন্তর্জাতিক অবরোধ ও স্থানীয় মুদ্রার দাম কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, বস্ত্র ও বৈদ্যুতিক সামগ্রীর দাম বেড়েছে। ইরানি মুদ্রা রিয়ালের মান গত এক বছরে অর্ধেকে নেমে এসেছে। সরকারি হিসাবে মুদ্রাস্ফীতির হার ২৪ শতাংশ, যে তথ্য কেউ বিশ্বাস করে না। ১৯৮০-র দশকের সংহতির দৃশ্য বর্তমানে অনুপস্থিত। গত জুলাই মাসে ভর্তুকি দামে সীমিতসংখ্যক মুরগি বিক্রি হলে ছোটখাটো দাঙ্গার সৃষ্টি হয়।পশ্চিমাদের বিরোধিতা উপেক্ষা করে ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ায় দেশটির জনগণের ওপর যে দুর্ভোগ নেমে এসেছে, তা দেরিতে হলেও স্বীকার করছেন দেশটির নেতারা। তবে তাঁরা এখনো অনমনীয়।সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘স্বনির্ভরতার ভিত্তিতে প্রতিরোধের অর্থনীতি’ গড়ার আহ্বান জানিয়েছেন। জুমার নামাজের সময় এক ইমাম বলেন, মাংস না পাওয়া গেলে ঐতিহ্যবাহী ডিমের স্যুপ দিয়েই কাজ চালাতে হবে।১৯৮০-র দশকের যুদ্ধের সময়ের চেয়ে ইরান এখন অনেক ধনী। অন্তত কাগজপত্র অনুযায়ী ২০১১ সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে দেশটি খনিজ তেল থেকে ১২ হাজার কোটি মার্কিন ডলার আয় করেছে।এই অর্থের কিছু অংশ অতিদরিদ্রদের জন্য ভর্তুকিতে বরাদ্দ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তবে বড় একটা অংশ গেছে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার ও সরকারের শীর্ষ পর্যায়ে সুসম্পর্ক থাকা অভিজাত ব্যবসায়ীদের পকেটে। ইরানের অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার আসল প্রভাব পড়তে শুরু করেছে মাত্র। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করায় তা আরও প্রকট হয়েছে। ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ স্থানান্তর পদ্ধতি থেকে ইরানকে বাদ দেওয়ায় তেলের দাম পেতেও তাদের দেরি হচ্ছে।ধারণা করা হচ্ছে, তেলের দাম থেকে ইরানের আয় ইতিমধ্যে এক-তৃতীয়াংশ কমে গেছে। রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের মধ্যে অন্তঃকলহ পরিস্থিতিকে আরও সঙ্গিন করে তুলেছে। মাহবুব আলম, দ্য ইকোনমিস্ট থেকে