গত ১১ বছর চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থার (সিজেকেএস) কোনো সাধারণ সভা হয়নি। অথচ প্রতিবছর করতে হবে এমন বাধ্যবাধকতা আছে গঠণতন্ত্রে। এ নিয়ে কাউন্সিলরদের মনে ক্ষোভ বিরাজ করছে। কিন্তু কার্যনির্বাহী কমিটি এ ব্যাপারে একেবারে চুপ। ২০০০ সালের ২৯ জুলাই সিজেকেএসের সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় তৎকালীন সিজেকেএস সভাপতি ও জেলা প্রশাসক মো. হাসানের সভাপতিত্বে। সিজেকেএস জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ সভা মুলতবি হওয়ার পর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও আর কোনো সাধারণ সভা হয়নি। ইতিমধ্যে দস্তগীর চৌধুরী ও শাহেদ আজগর চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে মেয়াদ পূর্ণ করলেও রহস্যজনক কারণে আট বছরে একটি সাধারণ সভাও হয়নি। পরবর্তীকালে ২০০৮ সালে হাফিজুর রহমানের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব নিয়ে সাধারণ সভা দেওয়ার ঘোষণা দেন। কিন্তু এ কমিটির চার বছর মেয়াদ অতিক্রান্ত হলেও তা হয়নি। ক্রীড়ানুষ্ঠান আয়োজনে রেকর্ড সৃষ্টি করলেও সাধারণ সভা দিতে না পারার কারণ সম্পর্কে বিদায়ী সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবং এরপর জাতীয় নির্বাচনের ঝামেলায় সাধারণ সভা দেওয়া সম্ভব হয়নি ইচ্ছে থাকা সত্ত্বেও।’ নাম প্রকাশ না করার শর্তে সিজেকেএসের এক কর্মকর্তা বলেন, ‘আগের কমিটিগুলো আমাদের জন্য কাগজপত্র ঠিকমতো রেখে যায়নি। আগের সাধারণ সভা বা মুলতবি সভাগুলোর অনেক কাগজপত্র পাওয়া যায়নি।’ সাধারণ সভার লক্ষ্যে সিজেকেএসের বিগত কমিটি দীর্ঘদিন ধরে কাগজপত্র ঠিক করার জন্য কাজ করেছেন বলে তিনি জানান।আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের কাউন্সিলর আ ন ম ওয়াহিদ দুলাল বলেন, ‘আমরা কাউন্সিলররাই এ ব্যাপারে সচেতন নই। সবাই সারা বছর বিভিন্ন খেলাধুলার আয়োজনে ব্যস্ত থাকি। এ জন্য সাধারণ সভার বিষয়টি গুরুত্ব দিইনি।’ দীর্ঘদিন সাধারণ সভা না করায় পরবর্তীকালে কোনো সাংগঠনিক জটিলতা দেখা দেবে কি না জানতে চাইলে লিটল ব্রাদার্সের কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, ‘যেসব সভা মুলতবি ছিল সেগুলো সম্পন্ন করে সাধারণ সভা করলে কোনো জটিলতা হওয়ার কথা নয়। তবে সাধারণ সভা না হলে একটি সংগঠনের গণতন্ত্র ব্যাহত হয়। আমরা তাই প্রায় সময় চেষ্টা করেছি সাধারণ সভা করতে। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি।’ সিজেকেএসের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘নির্বাচনী অঙ্গীকার মতো এ বছরের ৩১ মার্চ সিজেকেএসের সাধারণসভা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত সব কার্যক্রম সম্পাদনের জন্য সিজেকেএস সহসভাপতি সাহেদ আজগর চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের একটি সাবকমিটি গঠন করা হয়েছে। তাঁরা একটি খসড়া তৈরি করে তা নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করবে।’ তিনি আরও বলেন, ‘জানুয়ারির ২০ তারিখের মধ্যে আমরা ক্রীড়াপঞ্জি ঘোষণা করব। তা ছাড়া এখন থেকে চট্টগ্রাম ফুটবল লিগ সিজেকেএস এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) যৌথভাবে পরিচালনা করবে।’সিজেকেএস সহসাধারণ সম্পাদক ডিএফএ চট্টগ্রাম সভাপতি সৈয়দ শাহাবুদ্দীন শামীম সাধারণ সভা না হওয়া সম্পর্কে বলেন, ‘সিজেকেএস সভাপতি জেলা প্রশাসকেরা বদলি হয়ে যাওয়ায় নতুন জেলা প্রশাসক এসে সাধারণ সভা করতে চান না। এবার আমরা জেলা প্রশাসককে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি।’এদিকে সিজেকেএস কাউন্সিলর ও বিভাগীয় ক্রীড়াসংস্থার সহসভাপতি আলী আব্বাস বলেন, ‘সিজেকেএস এর মতো গণতন্ত্র কোথাও নাই। সাধারণ সভা কাউন্সিলরদের কথা বলার সবচেয়ে বড় প্ল্যাটফরম ফরম। কিন্তু দীর্ঘ ১১ বছর সাধারণ সভা না হওয়ায় কাউন্সিলররা অনেক কিছু বলা এবং জানা থেকে বঞ্চিত হয়েছেন।’