সাধারণ সমস্যা থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাংস এবং সবজি খেলে আয়রনের অভাব পূরণ হবে
মাংস এবং সবজি খেলে আয়রনের অভাব পূরণ হবে

রক্তস্বল্পতায় আক্রান্ত অনেক রোগীই জানে না যে সে রক্তস্বল্পতায় ভুগছে। আবার জানলেও সাধারণ সমস্যা থেকে খুব একটা পাত্তা দেয় না। এটাও ঠিক নয়। এত চিন্তার কিছু না থাকলেও রক্তস্বল্পতা দেখা দিলে সচেতন হতে হবে।
কেন হয়?
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, শরীরে আয়রনের অভাব এ দেশে রক্তস্বল্পতার অন্যতম প্রধান কারণ। আয়রনসমৃদ্ধ খাবার প্রয়োজনমতো না খাওয়া এবং কিছু রোগের কারণে আয়রণের ঘাটতি হয়ে থাকে। পাকস্থলী ও অন্ত্রের ক্ষত বা আলসারের কারণে ক্রমাগত বমি বা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, অন্ত্রে কৃমির সংক্রমণ, অথবা পাইলস রোগীর রক্তপাতের কারণেও রক্তস্বল্পতা হতে পারে। অনেক সময় দেখা যায়, দীর্ঘদিন ধরে যারা ব্যথার ওষুধ সেবন করে, তারাও রক্তস্বল্পতায় ভোগে।
এ ছাড়া থ্যালাসেমিয়াসহ কিছু জন্মগত রোগে আক্রান্ত ব্যক্তি রক্তস্বল্পতায় ভোগে। বিভিন্ন ধরনের ক্যানসারের রোগীদেরও রক্তস্বল্পতা হতে পারে। কিছু ক্ষেত্রে রক্ত তৈরি না হওয়ার কারণে এ সমস্যা দেখা দেয়।

কীভাবে বুঝবেন
রক্তস্বল্পতা হলে রোগী অল্পতেই হাঁপিয়ে ওঠে। সামান্য কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ে। দুর্বলতা, কোনো কিছু ভালো না লাগার মতো সমস্যাও হতে পারে। অনেক সময় রোগীর শরীরের বিভিন্ন অংশের রং ফ্যাকাশে হতে থাকে। তবে কোনো কোনো রোগীর রক্তস্বল্পতার তেমন কোনো লক্ষণ থাকে না।
অন্য কোনো রোগ বা কোনো ক্যানসারের কারণে রক্তস্বল্পতা হলে এসবের পাশাপাশি অন্যান্য লক্ষণও থাকবে।

তাহলে উপায়
শরীরে আয়রনের ঘাটতিজনিত কারণে রক্তস্বল্পতা হলে এই উপাদানযুক্ত খাবার খেতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শমতো আয়রন ট্যাবলেটও খেতে হবে। সাধারণত ওষুধ খাওয়ার এক মাসের মধ্যে রক্তস্বল্পতার লক্ষণগুলো কমে আসে, তবে এ সময় ওষুধ খাওয়া ছেড়ে দেওয়া চলবে না। অন্তত ছয় মাস ওষুধ খেতে হবে, তা না হলে শরীরের ঘাটতিটুকু সঠিকভাবে পূরণ হবে না।
অন্য যেসব কারণে রক্তস্বল্পতা হয়ে থাকে, সেসব ক্ষেত্রে রক্তস্বল্পতার কারণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

প্রতিরোধ করুন রক্তস্বল্পতা
প্রাণিজ উৎস থেকে পাওয়া আয়রন খুব সহজেই শরীরের কাজে লাগে। তাই কলিজা, মাংস বা শিং মাছ থেকে পাওয়া আয়রন শরীরের জন্য বেশি ভালো। উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া আয়রনের ক্ষেত্রে ব্যাপারটি একটু অন্য রকম। তবে কচুশাক, পালংশাক বা পেয়ারা থেকে পাওয়া আয়রন যে একেবারেই কোনো কাজে লাগে না, তা নয়। তাই উৎস যেটিই হোক, আয়রনসমৃদ্ধ খাবার খেতেই হবে।
মেয়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় এবং শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময়টায় শরীরে আয়রনের ঘাটতি হওয়ার আশঙ্কা থাকে। তাই এ সময় আয়রনসমৃদ্ধ খাবার তো বেশি করে খেতে হবেই, এর পাশাপাশি আয়রনসমৃদ্ধ ওষুধও খেতে হতে পারে।
গ্রন্থনা: রাফিয়া আলম