সাধারণেই অসাধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল চারটা। কর্মব্যস্ত মতিঝিল এলাকা। ঠিকানাটা খুঁজে পেতে খুব বেশি কষ্ট হলো না। সিঁড়ি টপকে নির্দিষ্ট আস্তানায় ঢুকতেই মন ভালো হয়ে গেল। প্রতিটি জায়গায় রঙের খেলা। ঘরগুলোর কোনায় কোনায় ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলাদেশের ঐতিহ্য। বিবি রাসেলের কাজ করার জায়গাটি এমনই। সব জায়গায় ঘুরে-ফিরে দেখা মিলবে তাঁরই সৃজনশীলতার ছোঁয়া। বিবি রাসেল। পাঠকদের এ নামের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কারণ নেই। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। স্বীকৃতিও পেয়েছেন অনেকবার। চলতি মাসে ভারত ও শ্রীলঙ্কায় দুটি ফ্যাশন শোতে অংশ নিচ্ছেন। প্রচণ্ড ব্যস্ততায় কাটছে প্রতিটি মুহূর্ত। কথা বলার মধ্যেই দেখে নেওয়া হলো সাম্প্রতিক সময়ে বিবি রাসেলের নকশা করা বেশ কিছু পোশাক ও অনুষঙ্গ।বিবি জানান, ২২ সেপ্টেম্বর ‘কলম্বো ফ্যাশন উইক রিসোর্ট ওয়্যার শো-২০১২’ আয়োজনে তিনি প্রথমবারের মতো তুলে ধরবেন সমুদ্রসৈকতের পোশাক। এবারের আয়োজনের থিম হলো সৈকতের পোশাক। ‘এর আগে কখনোই বিচ ওয়্যার বানাইনি। এটাই আমার করা প্রথম রিসোর্ট ওয়্যারের প্রদর্শনী হবে। কাজটাকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। আমার খুব ভালো লাগছে যে এ সময় আমি একটি নতুন ধারার জিনিস করছি।’ বলেন বিবি রাসেল। শ্রীলঙ্কার ফ্যাশন শো বিবি রাসেলের অন্যতম প্রিয় বলে জানান। ওখানকার তরুণ ডিজাইনারদের তৈরি করা পোশাকই তাঁর মুগ্ধ হওয়ার অন্যতম কারণ।খাটো থেকে লম্বা বিচ পোশাক—সবই থাকবে শ্রীলঙ্কার এ ফ্যাশন শোতে। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে বেগুনি, সাদা ও গোলাপি। পুরোপুরি বিপরীত রং নেওয়া হয়েছে কলকাতার ফ্যাশন শোর পোশাকগুলোর জন্য। পূজা উপলক্ষে উৎসবের আনন্দ বাড়িয়ে দেবে কমলা, হলুদ ও সবুজের মাধ্যমে। যোধপুরি প্যান্ট, বেলবটম প্যান্ট, লম্বা ও ছোট স্কার্ট, বারমুডা শর্টস, ব্যাগি প্যান্টস, র‌্যাপওয়্যার স্কার্ট ও পোশাক, টিউনিক, কাপ্তানসহ বানিয়েছেন বিভিন্ন কাটের পাশ্চাত্য ঢঙের পোশাক। সুতি কাপড় দিয়ে বানিয়েছেন প্রতিটি পোশাক। ক্রুশের কাজ যোগ হয়েছে। কাজের বিষয়ে সব সময়ই খুঁতখুঁতে তিনি। মনের মতো না হওয়া পর্যন্ত কাজটি করে যেতেই থাকেন। প্রতিটি পোশাকের মধ্যেই নতুনত্ব আনতে পছন্দ করেন বিবি। সাধারণ কাপড়গুলোই অসাধারণ পোশাকে পরিণত হয় নকশার গুণে।কলকাতা ফ্যাশন উইক সম্পর্কে বিবি রাসেল বলেন, ‘কলকাতা ফ্যাশন উইকে আমার পোশাকের নাম হবে দ্য কালারস অফ দ্য ফেস্টিভ্যাল। আমি একমাত্র বিদেশি ডিজাইনার হিসেবে আমন্ত্রণ পেয়েছি। এ ছাড়া ভারতের নামকরা ডিজাইনাররা থাকবেন। এ ফ্যাশন শোর জন্য আমি বেছে নিয়েছি দেশীয় সুতি কাপড়। মনে করুন, আমি যেন বাংলার একটা গল্প নিয়ে যাচ্ছি। পোশাকের সঙ্গে, গয়নার সঙ্গে আমি যেন নতুন ঢঙে, নতুনভাবে লোকগান উপস্থাপন করছি। যা দেখে বাংলাদেশকে বোঝা যাবে। কলকাতা ফ্যাশন শোতে ২৫টি কাপড় তুলে ধরব। একটি শাড়ি ছাড়া বাকি সব পাশ্চাত্য ঢঙে করা হয়েছে।’বিবি রাসেল মনে করেন, বাংলাদেশে ফ্যাশনের উন্নয়ন হওয়া প্রয়োজন। তরুণদের ফ্যাশন বিষয়ে অনেক পড়াশোনা করে একটা নিজস্বতা তৈরি করা উচিত। ডিজাইনের মধ্যে একটা নতুনত্ব সব সময়ই থাকা উচিত। না হলে একঘেয়েমি তৈরি হয়ে যায়।চিপস খেয়ে প্যাকেটটি রাস্তায় ফেলে দেয় অনেকেই। কোমল পানীয় খেয়ে ক্যানটি ড্রেনের মধ্যে ছুড়ে ফেলে। বিবি রাসেল পরিত্যক্ত এ জিনিসগুলো পুনর্ব্যবহারের জন্য নতুনভাবে তৈরি করতে চান। বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘সামনে আমি ব্যাপকভাবে রিসাইকেলিংয়ে নামছি। আমরা পরিবেশকে দূষনমুক্ত করতে চাই। কিন্তু সে ব্যাপারে ঠিকমতো পদক্ষেপ নিই না। রিসাইকেলিংয়ের মাধ্যমে স্যান্ডেল, ব্যাগ, পার্স, গয়না ও ডায়েরি বানাব। এমনকি কাপড়ের সঙ্গেও এর সামঞ্জস্য করব।’বিবি রাসেলের অধিকাংশ সময় কাটে গ্রামের মানুষের সঙ্গে। বিভিন্ন পেশার এসব মানুষ জাদুর মতো কাজ করে যায়। শাড়ি বুনা, টাই-ডাই করা, পাটের অভিনব সব জিনিস তৈরি করাসহ অন্যান্য কাজ করেই কাটে তাদের দিন। তাদের সঙ্গেই বিবির কাজ করে যাওয়া। এ কারণে বিবি রাসেলের যতটুকু সাফল্য, সবটুকুই উৎসর্গ করে দিতে চান দেশের মানুষের জন্য।