সাধ্যে সাধের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের বাজারে পোশাকের দাম দেখে মাথায় হাত! সাধ্যের মধ্যেই মনের মতো পোশাক এখনো পাবেন। চলে আসতে পারেন ঢাকার বঙ্গবাজার, গাউছিয়া ও বদরুদ্দোজা সুপার মার্কেটে।রং, নকশা, ডিজাইন আর বাহারি নামে এবার বেশ জমজমাট ঈদ বাজার। ছোটদের ঈদ-পোশাকের বিশাল সমারোহ হলো বদরুদ্দোজা সুপার মার্কেট ও বঙ্গবাজারে। ফ্রক, স্কার্ট, টি-শার্ট, গেঞ্জি, প্যান্ট, জিনস মিলবে বঙ্গবাজারে। প্রজাপতি আর পছন্দের কার্টুন চরিত্রগুলো দিয়ে নকশা করা পোশাক সব সময়ই শিশুদের পছন্দের শীর্ষে থাকে বলে জানান বঙ্গবাজারের রহিম বস্ত্রালয়ের বিক্রেতা মো. হানিফ। স্থানীয় গার্মেন্টসের তৈরি শার্ট, গেঞ্জি, প্যান্ট পাওয়া যাবে এখানে ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। ফ্রক ও স্কার্ট পাবেন ২০০ থেকে ৪৫০ টাকায়।ছেলেদের জিনসসহ বিভিন্ন প্যান্টের কেনাকাটার জন্য আসতে পারেন বদরুদ্দোজা সুপার মার্কেটে। এখানকার খান ফ্যাশনের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন খান জানান, তাঁদের অধিকাংশ ক্রেতাই হলেন বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া ছাত্র। এবারের ঈদে তাঁদের পছন্দের কথা চিন্তা করে খাটো শার্ট, ন্যারো ও সেমি-ন্যারো প্যান্ট দিয়ে দোকান সাজিয়েছেন তাঁরা। জিনসের প্যান্ট পাওয়া যাবে এখানে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে। হাফশার্ট মিলবে ৪০০ থেকে ৬০০ টাকায়, চাপা ফুলশার্ট মিলবে ৫০০ থেকে ৭০০ টাকায়।নূরজাহান সুপার মার্কেট থেকে কিশোরীদের পোশাক কিনতে পারেন। হালফ্যাশনের ফতুয়া, টপ, লেগিংস মিলবে এখানে। এখানকার কোহিনূর বেগম ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মো. শফিক জানান, তাঁদের কাফতান, লং ফতুয়া, লেগিংসে এবার ব্যবহার করা হয়েছে চুমকি আর পাথরের বুটি। এখানে ফতুয়া ও কাফতান মিলবে ৬০০ থেকে ১০০০ টাকায়। লেগিংস ১০০ থেকে ২০০ টাকায়। মেয়েদের হালফ্যাশনের সালোয়ার-কামিজ মিলবে গাউছিয়া সুপার মার্কেটে। খুশি, ঝিলিক, মানভী, জীবিকার দেখা মিলবে এখানেই। বাহারি নামের এ পোশাকগুলো এবারের ঈদের নতুন সংযোজন, জানালেন জরি ঘরের স্বত্বাধিকারী চৌধুরী চয়ন। লাল, হলুদ, নীল, আকাশি, গোলাপিসহ বাহারি রঙের কাপড়ের ওপর নেট আর কুন্দন পাথরের এ পোশাক মিলবে দুই হাজার ৫০০ থেকে চার হাজার টাকায়। শুধু বড়দেরই নয়, বাহারি নামের এ পোশাক ছোটদের জন্য পাওয়া যাবে এখানেই, ৪৫০ থেকে ৬০০ টাকায়। শাড়ি ছাড়া ঈদ জমে! বাহারি নকশার শাড়ি পেতে তাই বাসাবো থেকে চাকরিজীবী নাসরীন সুলতানা প্রতিবারের মতো এবারও ঈদের কেনাকাটার জন্য চলে এসেছেন ধানমন্ডি হকার্স মার্কেটে। সাশ্রয়ী দামে সুন্দর শাড়ি পেতে এখানে আসা হয় বলে জানান তিনি। ধানমন্ডি হকার্স মার্কেটের রশিদ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. মোফাজ্জল হোসেন বলেন, এবারের ঈদে ধুপিয়ান, শিফন আর জর্জেটের শাড়ি বেশি চলছে। ক্রেতারা ক্যাটালগ দেখে দেখে এবার প্রিন্ট, জর্জেট ও ধুপিয়ান শাড়ি কিনছেন বেশি। আর সুতি শাড়ির চাহিদা তো সব সময়ের জন্যই। এখানে ধুপিয়ানের শাড়ি মিলবে এক হাজার থেকে তিন হাজার টাকায়। শিফন এক হাজার থেকে দুই হাজার ২০০ টাকায়, জর্জেট ৭০০ থেকে এক হাজার টাকায়, সুতি ৫০০ থেকে দুই হাজার টাকায়। টি-শার্ট আর পাঞ্জাবির জন্য বদরুদ্দোজা সুপার মার্কেটে আবার একটু ঢুঁ দিতে পারেন। এবারের ঈদে গোল, ভি আকৃতির কলারসহ বিভিন্ন রঙিন টি-শার্ট চলছে বেশি। এখানে বিভিন্ন গ্রাফিক্সের নকশা আর স্ক্রিন প্রিন্ট করা টি-শার্ট মিলবে ১৫০ থেকে ৪৫০ টাকায়। ছোট-বড় সব বয়সীর জন্য সুতি ও সিল্ক পাঞ্জাবি-পায়জামা পাবেন এখানেই। সুতির পাঞ্জাবি পাবেন ৩০০ থেকে দুই হাজার টাকায় এবং সিল্কের পাঞ্জাবি পাবেন ৬০০ থেকে তিন হাজার টাকায়। ছেলেমেয়ে, ছোট-বড়, ছেলে-বুড়ো সবার কেনাকাটা হলো তো শেষ!