সাধ্যের মধ্যেই ঈদের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পুণ্যি দেশ’ অথবা ‘বারো মাসে বারো ফল, না খেলে যায় রসাতল’—যুগ যুগ ধরে লোকমুখে প্রচলিত এ খনার বচন আজ আর শুধু বচনেই সীমাবদ্ধ নেই; তা শোভা পাচ্ছে তারুণ্যের পছন্দের পোশাকে। শুধু খনার বচনই বা কেন, জীবনানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল—কার উপস্থিতি নেই বলুন! ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটের পোশাকে আজও চিরসজীব তাঁদের পঙিক্তমালা। আজিজ সুপার মার্কেট—একসময় বইয়ের বাজার বলে যার ছিল খ্যাতি, আজ তার নতুন রূপ। দেশীয় চেতনার দেশীয় পোশাকে ভরপুর যেন একখণ্ড লাল-সবুজের বাংলাদেশ। শুধু যে লাল-সবুজ তা-ও নয়, গ্রামবাংলার সব কাঁচা মিঠে রং আর রূপ-লাবণ্য আজিজের আনাচকানাচে। ঈদকে ঘিরে সে আয়োজন যেন পেল আরও এক ভিন্নমাত্রা। আজিজ সুপার মার্কেটের একেবারে শুরুর দিকে পথচলা যাঁদের, তাঁদের মধ্যে অন্যতম নিত্য উপহার। কথা হলো নিত্য উপহারের পরিচালক বাহার রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘পোশাকে আজ স্বদেশি চেতনার নবজাগরণ ঘটেছে। শেকড়ের টান, নিজস্বতা, নিজের দেশ ও সংস্কৃতি উপস্থাপনে আজ আজিজের পথচলা। শুধু তা-ই নয়, আজিজের পোশাকের নকশা করা হতে শুরু করে তৈরি ও বাজারজাতকরণ পর্যন্ত সবকিছুই তরুণদের হাতে। তাই আজিজের পোশাকের সঙ্গে তারুণ্য জড়িয়ে আছে ওতপ্রোতভাবে।’ এবারের ঈদকে ঘিরে নিত্য উপহারের নতুন ঢঙে লোকজ নকশার শাড়িগুলো নজর কাড়বে সবার।গত দশকের শুরুতে যাত্রা করা এ বাজারে দেশীয় ফ্যাশন হাউসের সংখ্যা দাঁড়িয়েছে আজ দুই শতাধিকে। সব কটি ফ্যাশন হাউসই ঈদকে ঘিরে পোশাকে নানা বর্ণে, ঢঙে সেজে একাকার। আইডিয়াসের ফ্যাশন ডিজাইনার নীপা খালেদ জানান, এবারের ঈদে তাঁদের বিশেষ আকর্ষণ হচ্ছে, ভিন্ন ধাঁচের মাটি, ধাতু আর পাথরের বাহারি গয়না। এ ছাড়া আছে সালোয়ার-কামিজ, ফতুয়া ও ব্যাগ। কথা হলো আজিজের অতঃপর-এর ডিজাইনার রানা আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘দেশীয় কাপড়, দেশীয় নকশা ও বুননে আজিজের পোশাকগুলো দেখলেই চেনা যায়। তরুণদের সাধ্যের মধ্যে সাধের পোশাকটি আজ আজিজে মিলে যায় বলেই আজিজের সব ক্রেতা তরুণ।’ অতঃপর-এর খাদি ওড়না, ফতুয়ার পাশাপাশি নজর কাড়বে পুরোনো ধাঁচের নকশাদার গোলাপ বালা কিংবা কানপাশাগুলো।এর পাশেই নরসিংদীর তাঁতে বোনা কাপড়ের পাঞ্জাবি মিলবে টিমওয়ার্কে। চলে আসতে পারেন কাপড়-ই-বাংলায়ও। প্রকৃতির সব রং যেন উঠে এসেছে তাদের সব পোশাকে। কাপড়-ই-বাংলার ব্যবস্থাপনা পরিচালক মুরছালিন বিথুন জানান, লোকজ আলপনা আর শান্তিনিকেতনী আলপনার ধাঁচের নকশায় এবার তাঁরা যোগ করেছেন পাথর, কড়ি বোতাম ও সুতার কারুকাজ। মেঘ-এ চলে আসতে পারেন ছোট্ট ছোট্ট সোনামণির ছড়াসহ শার্ট কিংবা ফতুয়া কিনতে। কৃষ্ণকলিতে মিলবে বাহারি বোতাম ও ফিতার ব্যবহারে তৈরি ফতুয়া। আরশিতে পাবেন ভিন্নধর্মী কলারের টি-শার্ট, ইমোশনে পাবেন সাদামাটা নকশার পাঞ্জাবি। নন্দনকুটিরে বড়দের এবং মেয়েশিশুর নকশা করা সালোয়ার-কামিজ, ব্যাগ। ঐতিহ্যে হাতি, ঘোড়া ও রিকশাচিত্রের নকশার পোশাক। কারখানায় শার্টে দেখতে পাবেন সুতা আর পকেটের বাহারি কাজ। আব্রুতে কাপড়ের ছাঁটের বৈচিত্র্য, বিসর্গতে পুরোনো ধাঁচের নতুন গয়না। পৌষ, ঢাকঢোল, দেশাল, প্রজাপতি আরও কত আয়োজন!ঈদের আগে একবার ঘুরে যান এই লাল-নীল-হলুদ-সবুজের রাজত্বে। চুমকি, পুঁতি বা জড়োয়া নকশার কোনো কিছু পাবেন না এখানে। তবে চরকায় কাটা সুতার মমতামাখা যে পোশাকখানি পাবেন, তার কোনো জুড়ি নেই—এটি শুধুই অনুভবের।