সাধ্যের মধ্যেই...
স্বর্ণের অলংকারের দাম বেড়েছে অনেক। তাই বিকল্প হিসেবে অনেকে ব্যবহার করছেন রুপার ওপর সোনার রং করা বা গোল্ড প্লেটেড গয়না। বিশেষ করে বিয়ে ছাড়া যেসব গয়না আর তেমন পরা হয় না, সেগুলো অনেকেই স্বর্ণ দিয়ে তৈরি করতে চান না। যেমন নথ, টিকলি, সিঁথিপাটি ইত্যাদি। বাজারে নানা নকশার গোল্ড প্লেটেড গয়না পাওয়া যায়। এগুলোতে আবার নানা রঙের পাথরও ব্যবহার করা হয়। তাই পোশাকের সঙ্গে মিলিয়ে নিতেও সুবিধা। এসব গয়না কেনার আগে কিছু বিষয় জেনে নেওয়া ভালো। কথা হয় রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের সঙ্গে।আলমাস খান জানান, অনেকের মুখে বড় নথ মানায়, আবার অনেকে পছন্দ করে মাঝারি। তবে বিয়েতে ছোট নথ না পরাই ভালো। বিয়ের দিনের মতো করে তো অন্য যেকোনো দিন সাজা হয় না। তাই সাধ মিটিয়ে পছন্দের গয়নাগুলো পরে নিন। টিকলি, টায়রা, ঝাপটা—এসব গয়নাও নিজের চেহারা এবং রুচি অনুযায়ী কেনা উচিত। আবার এসব গয়না যেন পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ, পরা হবে তো সব একসঙ্গেই। বিয়ের পোশাকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন অনেকে এসব গয়না কেনেন। যেহেতু যেকোনো ডিজাইনের পাওয়া যায় এবং দামও নাগালের মধ্যে, তাই অনেকে বিয়ে, বৌভাত ও গায়েহলুদের অনুষ্ঠানে ব্যবহারের জন্য আলাদা গয়নার সেট কিনতে পারেন। সোনালি রঙের পাশাপাশি ব্যবহার করতে পারেন রুপালি, ব্রোঞ্জ বা কপার রঙের গয়না। সে ক্ষেত্রে একই রঙের সব গয়না ব্যবহার করাই ভালো। সোনার মালার সঙ্গে যদি রুপার টিকলি পরা হয়, তাহলে কিন্তু মোটেও মানাবে না। বলছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানদরদাম‘একটি বিয়ে সুন্দরভাবে শেষ করতে অনেক টাকা খরচ হয়। তাই অনেকেই চেষ্টা করেন কীভাবে খরচটা একটু কমানো যায়। সে ক্ষেত্রে বেছে নিতে পারেন সোনার রং করা নথ, টিকলি, ঝাপটা ও চুড়ি।’ বলছিলেন ঢাকার গাউসিয়া মার্কেটের বিউটি ফ্যাশনের বিক্রয়কর্মী রাসেল। সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে এই গয়নাগুলো উপযুক্ত। ইমিটেশনের এক ডজন চুড়ি কিনতে খরচ পড়বে ২০০-৫০০, ঝাপটা পাবেন ১৮০-৭০০, নথের দাম পড়বে ১৫০-৬০০ টাকা আর টিকলি পাবেন ১০০-২৫০ টাকায়। অবশ্য অনেকে এখন সীতাহারও কিনছেন সোনার রং করা। সেটার দাম পড়বে ১৫০০-৫০০০ টাকা। এই গয়নাগুলো ঢাকার নিউমার্কেট, গাউসিয়া, বসুন্ধরা সিটি ছাড়াও মিরপুর ও গুলশানের বেশ কয়েকটি শপিং মলে পাওয়া যাবে। আর যদি রুপার ওপর সোনার রং করা গয়না চান, তাহলে যেতে হবে চাঁদনী চকে। সেখানেই সবচেয়ে বড় বাজার রুপার। এক ভরি রুপার দাম পড়বে ১৮৬৬ টাকা।বিয়েতে সোনার প্রলেপ দেওয়া গয়নার চাহিদা বেড়েছে আজকাল। মডেল: সারিকা