সান মুনের গল্প
যমজ দু ভাই। সান-মুন বলে ডাকা হয় ওদের। পোশাকি নাম বড়জনের মো. হাসান খান, ছোটজনের মো. হোসেন খান। বড় এক বোনের পর দুজনের জন্ম। দেখতে এক রকম, সব কাজ একসঙ্গেই করে। অদ্ভুত মিল ওদের। যমজদের মধ্যে মনে হয় এ রকম মিলই হয়।মা আলাদা করে দুজনকে ডাকেন না। হাঁক দেন—‘সান-মুন’। যিনি সামনে থাকেন, তিনি এসে হাজির হন মায়ের সামনে।এত মানুষ থাকতে কেন হঠাত্ এই দুই ভাইয়ের কথা বলা হচ্ছে? ছবিটি দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে, তাঁদের হাত আর পা ভালোই চলে। এই হাত-পা আর শরীর কাজে লাগিয়েই তাঁরা দেশের জন্য বয়ে এনেছে সম্মান। এবার এসএ গেমসে কারাতে দলগত ইভেন্টে শ্রীলংকা আর পাকিস্তানকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছে তাঁরা। তিন সদস্যের দলে আরও ছিলেন নুরুজ্জামান। এই সাফল্যে দুই ভাইয়ের মনও গর্বে ভরে উঠেছে।বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। সান-মুন দুই ভাই জানালেন, বাবা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছিলেন অস্ত্র হাতে, যুদ্ধে জয়ী হয়েছেন। আমরা যুদ্ধ করেছি খালি হাতে, এখানেও পেয়েছি জয়। আফসোস, এই জয়ের খবর বাবা জেনে যেতে পারলেন না। নয় মাস আগে তাঁদের বাবা মো. আলী হোসেন খান মারা গেছেন। আমরা এবার তাঁদের জীবন নিয়েই করি আলাপ-সালাপ।‘মা কি আপনাদের চিনতে পারেন?’হাসেন দুই ভাই। তাঁদের একজন বলেন, কয় মিনিটের ব্যবধানে আমাদের জন্ম, তা তো জানি না। কিন্তু মা আমাদের আলাদা করে চিনতে পারেন না। ’অন্যজন যোগ করে, ‘আমরাই তো আমাদের ছবি দেখে চিনতে পারি না, কে কোনজন।’‘জানেন, আমাদের দুজনের আইডি কার্ডে একজনেরই ছবি দিয়েছি। এমনকি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডেও!’ বলে হা হা করে হাসতে থাকেন সান।‘পড়াশোনার বাইরে কী করেন আপনারা?’‘পড়ি। ক্লাসের বইয়ের চেয়ে গল্পের বইয়ের দিকেই আমাদের আকর্ষণ বেশি। তিন গোয়েন্দা, ফেলুদা পড়তাম মন দিয়ে।’ বলেন সান।‘মা যদি দেখতেন, পড়া বাদ দিয়ে গল্পের বই পড়ছি, তাহলে বই নিয়ে ছিঁড়ে ফেলতেন।’ যোগ করলেন মুন।‘কারাতে করতে এলেন কেন? কেন এই খেলা ভালো লাগল?’‘আরে সে কথা শুনবেন? ছোটবেলা থেকেই মারপিট করে আনন্দ পেতাম, হা হা হা। কিন্তু কোন খেলায় মন ঢেলে দেব, তা স্থির করতে পারিনি। বাবা কারাতে একেবারেই পছন্দ করতেন না। ভাবতেন, এই খেলা শিখলে সন্ত্রাসী হয়ে যাব’। বলেন মুন।‘আমরা কিন্তু সন্ত্রাসী হইনি। হয়েছি স্বর্ণপদকবিজয়ী বাঙালি। হা হা হা।’ ভাইকে থামিয়ে দিয়ে বলেন সান।কথা বলতে বলতে দুই ভাই জানান, তাঁদের একজন হতে চেয়েছিলেন বিমানবাহিনীর পাইলট, অন্যজন সেনাবাহিনীর কমান্ডো। হওয়া হয়নি। ‘আপনাদের মেয়েবন্ধু নেই?’‘আরে সেটাই তো সমস্যা।’ভাইয়ের কথা তুড়ি মেরে উড়িয়ে দেন সান। বলেন, যখন কাউকে পছন্দ হবে, ভেবে দেখব।‘কীভাবে আপনারা কারাতে শিখলেন?’‘এসএসসি পরীক্ষার পর নাজমুল হাসানের কাছে কারাতে শিখতাম। মাত্র ছয় মাস প্রশিক্ষণ নেওয়ার পর আমরা মুরাদপুর এলাকায় ক্লাব টুর্নামেন্ট খেলেছিলাম দুইজন ব্ল্যাক বেল্টধারী খেলোয়াড়ের সঙ্গে। তাঁদের দেখে সত্যিই আমরা ভয় পেয়েছিলাম। ওস্তাদ বললেন, কারাতের জন্য শক্তি না, সাহস লাগে। সেই গেমসে আমরা প্রথম ব্রোঞ্চ পাই। আমরা এ পর্যন্ত ২৩টা গেমসে খেলেছি। জিতেছি ২২টা। সব জায়গায় একসঙ্গে গেছি। জাতীয় পর্যায়ে ২০০৫ সালে প্রথম খেলেছি। আনসারের নিয়মিত খেলোয়াড় হিসেবে আছি তিন বছর ধরে। দেশের বাইরে খেলতে গিয়েছিলাম তিনবার। শুধু কি খেলার জন্য যাওয়া? যতটুকু পেরেছি দেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি।’ জানান তাঁরা। এখন দুই ভাই পড়ছেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে।