সানমারের ঈদ উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামকরা ব্র্যান্ডের পোশাক, জুতা-স্যান্ডেলের জন্য সানমার ওশান সিটি আদর্শ বিপণিকেন্দ্র। দামের সঙ্গে সমঝোতা করতে রাজি যারা, তাদের পছন্দের পোশাকটি এখানেই মিলতে পারে। নগরের অন্যান্য বিপণিকেন্দ্রের মতো সানমারেও চলছে ঈদ বিক্রয় উৎসব। বিপণিকেন্দ্রের সাতটি ফ্লোরেই ক্রেতারা ভিড় করছেন। পৃথক পৃথক ফ্লোরে নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা পণ্যসামগ্রীর শো-রুম এখানকার বিশেষত্ব। রোজার শুরু থেকেই এবার আসতে শুরু করেছেন ক্রেতারা। অনেকে কেনাকাটার কাজটা এরই মধ্যে সেরে ফেলেছেন। আবার অনেকে পছন্দ করে গেছেন, কিনবেন দিন কয়েক পরেই। ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি এই বিপণিকেন্দ্রের ভিন্ন ভিন্ন তলায় রয়েছে জুতা, জুয়েলারি, কসমেটিক, ক্রোকারিজ ও ইলেকট্রনিকস সামগ্রী। জুতার দুটি বিখ্যাত ব্র্যান্ড বাটা এবং আর্টিস্টির দুটি বড় শো-রুমও রয়েছে এই বিপণিকেন্দ্রে। কেনাকাটা এর মধ্যে জমে উঠলেও ঈদ যত ঘনিয়ে আসবে ততই ভিড় বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার দুপুরে সানমার ওশান সিটিতে গিয়ে দেখা গেছে, তরুণ-তরুণী, শিশু ও মহিলাদের পোশাকের দোকানেই ভিড় বেশি। বিক্রেতারা জানান, রোজার শুরুতে পোশাকের দোকানে ভিড় থাকলেও শেষের দিকে ব্যাগ, জুতা এবং অলংকারের কেনাকাটার ধুম পড়ে। মেয়েদের নিয়ে সানমারে ঈদের পোশাক কিনতে আসা গৃহিণী সায়মা খাতুন বলেন, ‘আর কদিন পর বিপণিকেন্দ্রগুলোতে ভিড় বেড়ে যাবে। মেয়েরা যা পছন্দ করবে সেটাই কিনে দেব। নিজের জন্য এখনো কেনাকাটা শুরু করিনি।’ ঈদ উপলক্ষে তৃতীয় তলার স্বপ্নতুলী নিয়ে এসেছে ‘হাঙ্গামা’, ‘কলাভেরি’, ‘ছাম্মাকচলো’ নামের বিচিত্র সব পোশাক। হিন্দি সিনেমা ও সিরিয়ালের নানা চরিত্র ও গানের নামে বের হওয়া লং ফ্রক ডিজাইনের এই সব পোশাকের দাম সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত। দেশি কাপড়ের লং কামিজের দাম দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৭০০ টাকা পর্যন্ত। ছেলেদের শার্ট, পাঞ্জাবির দোকানেও ভিড় দেখা গেল। শর্ট পাঞ্জাবি ও ফরমাল শার্ট ছেলেদের প্রথম পছন্দ বলে জানালেন জেন্টলম্যানের শোরুম ব্যবস্থাপক নাজিম উদ্দিন। দেশি এবং বিদেশি ফেব্রিকসের ওপর এমব্রয়ডারি, কারচুপি করা শর্ট পাঞ্জাবির চাহিদা এবারে বেশি। এসব পাঞ্জাবি পাওয়া যাচ্ছে দুই হাজার ৫০ থেকে চার হাজার ৫০০ টাকায়। স্লিম ফিট ডিজাইনের ফরমাল শার্টের দাম ৯৫০ থেকে এক হাজার ৪৫০ টাকা। হাফসিল্ক এবং কটনের ক্যাজুয়াল শার্টের দাম এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ২৫০ টাকার মধ্যে। প্রতিবারের মতো এবারের ঈদেও সানমার ওশান সিটি ঈদ বিক্রয় উৎসবের অংশ হিসেবে ক্রেতাদের জন্য আয়োজন করেছে লাকি কুপনের মাধ্যমে পুরস্কারের ব্যবস্থা। এই আয়োজনে যেকোনো ক্রেতা সর্বনিম্ন ১০০ টাকার পণ্য কিনলেই পাচ্ছেন একটি লাকি কুপন। মেগা ড্র অনুষ্ঠিত হবে ৩০ জুলাই, ৮ আগস্ট, ১৪ আগস্ট এবং চাঁদ রাতে। প্রতিবারের কুপন ড্রতে পুরস্কার হিসেবে রাখা হয়েছে এলসিডি মনিটরের টিভি, ল্যাপটপ, রেফ্রিজারেটর, মাউক্রোওয়েভ ওভেন, ডিনার সেট, রাইস কুকার, কুকিং সেট, ব্লেন্ডার, কিচেন র‌্যাকসহ মোট ৩৪টি আকর্ষণীয় পুরস্কার। ঈদ বিক্রয় উৎসব নিয়ে সানমার ওশান সিটি ওনারস অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার প্রথম আলোকে বলেন, ‘ঈদের কেনাকাটা উপলক্ষে ব্যবসায়ীদের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগেই। অন্য মার্কেটের সঙ্গে এই মার্কেটের পার্থক্য হচ্ছে, এখানে ভবনের ভিন্ন ভিন্ন তলায় সাজানো গোছানো দোকানে প্রয়োজনীয় সব পণ্যসামগ্রী পাওয়া যায়। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, খাবার এবং শিশুদের বিনোদনের জন্য আলাদা একটি ফ্লোরের ব্যবস্থা রাখা হয়েছে যা চট্টগ্রামের অন্য কোনো মার্কেটে নেই।’