সানাই বাজার দিনেই বিষণ্ন বিচ্ছেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দিনটাতে বেজেছিল সানাই সেই দিনই হয়ে গেল তালাক। মাঝখানে ২৪ বছরের দাম্পত্য জীবন, একে একে জন্ম নেয় পাঁচ সন্তান। বড় মেয়েটা এখন বাংলা সাহিত্যে স্নাতকে (সম্মান) পড়ছেন। ছোট মেয়েটির বয়স নয় বছর। সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান সম্প্রতি এ দম্পতির বিবাহবিচ্ছেদ কার্যকর করার আদেশ দেন। সালিসি পরিষদে উপস্থিত চার সন্তানের শত আকুতি মা-বাবার বিচ্ছেদ ঠেকাতে পারেনি। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলোআইনি বাধ্যবাধকতা না থাকলেও উভয় পক্ষের আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত। আবদুল হকের (ছদ্মনাম) মা ও নিগার সুলতানার (ছদ্মনাম) মা উপস্থিত আছেন। আবদুল হক-নিগার সুলতানা দম্পতির পাঁচ ছেলেমেয়ের মধ্যে চারজনই হাজির হন। কাবিননামা দেখে বোঝা যায় যে ২৪ বছর আগে সুন্দর ও আনন্দঘন পরিবেশে আবদুল হক-নিগার সুলতানা দম্পতি পরস্পরের সঙ্গে স্বর্গীয় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কত বিচিত্র এ পৃথিবী! বিয়ের ২৪ বছর পর ঠিক একই দিনে দুটি মানুষ সালিসি পরিষদে হাজির হন বিচ্ছেদের বেদনাময় পথ ধরে হাঁটার জন্য। বাচ্চাদের দাদি বলে ওঠেন, ‘বা-জি, আঁই বউত চাইয়ি, হন মতে ন পাইল্লাম ঘরগান টিকাইত। আঁই নিজে অসুইখ্খা, আঁই কিত্তাম?’ নানি বলেন, ‘আঁর নাতি গুনঅল্লাই বেশি খারাপ লাগের। ইতারার জীবন্নান কি অইব।’সালিসি পরিষদের আদেশে বলা হয়, এ দম্পতির তিন মেয়ে ও এক ছেলে সারাক্ষণ অঝর ধারায় কাঁদছিলেন। তাঁদের কান্নার আওয়াজে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছিল। মনুষ্য হূদয় এক অজানা রহস্যঘেরা জগত বলেই হয়তো এত বিশাল কষ্ট সহ্য করেও টিকে থাকে বছরের পর বছর। কোনো এক অজানা অচেনা-অদৃশ্য পাথরের নিচে চাপা পড়ে যায় এসব করুণ বেদনাদায়ক দৃশ্য। আদেশে আরও বলা হয়, উপস্থিত চার ছেলেমেয়ে তাদের বাবা আবদুল হককে অত্যন্ত কাতর স্বরে মিনতি করে একসঙ্গে বলতে থাকেন, ‘বাবা, আমরা তোমাদের দুজনের সঙ্গে থাকতে চাই। আমাদের ফেলে চলে যেও না।’ ছেলেমেয়ের দিকে তাকিয়ে আবদুল হক বলেন, ‘ও (নিগার সুলতানা) আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমাকে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে হাজতে রেখেছে। নিগারের সঙ্গে ছেলেমেয়েরাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি আর পারছি না, স্যার। আমাকে ক্ষমা করুন। বাচ্চাদের ভরণপোষণের খরচ দিতে আমি বাধ্য।’ এ সময় নিগার সুলতানা হতাশ ভঙ্গিতে বলে ওঠেন, ‘যা হবার হয়ে গেছে, আমি সংসার টিকিয়ে রাখতে চাই। আমার বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তালাক হলে।’ আবদুল হকের মা এবং নিগার সুলতানার মা উভয়েই আনমনা, নিশ্চুপ তাকিয়ে থাকেন। বড় মেয়ের বয়স ২১ বছর। তিনি বাংলা সাহিত্যে সম্মান শ্রেণীতে পড়ছেন। মেজ মেয়ে উচ্চমাধ্যমিকের ছাত্রী। চতুর্থ জন সপ্তম শ্রেণীর ছাত্র। কনিষ্ঠ মেয়ের বয়স নয় বছর। ওর দিকে তাকালে হূদয় মোচড় দিয়ে ওঠে। অশ্রুভেজা চোখে-মুখে কোনো ভাষা নেই। কেবলই ফুঁপিয়ে কেঁদে চলেছে। এই কান্নার শেষ কোথায় তা কেবল বিধাতাই ভালো জানেন। আবদুল হক অনড়-অবিচলভাবে দাঁড়িয়ে থাকেন। নিগার সুলতানার দুই চোখ ভিজে উঠতে চাইছিল। এ ধরনের পরিবেশ পরিস্থিতিকেই হয়তো রবি ঠাকুর দুঃসময় হিসেবে চিহ্নিত করেছেন—‘ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন/ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা/ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন/ওরে গৃহ নাই, ফুলশেজ রচনা।’নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, বিধিবদ্ধ ৯০ দিন সময় ইতিমধ্যে পার হয়েছে। ফলে দি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স ১৯৬১-এর ৭(৩) ধারায় বর্ণিত বিধান অনুসারে তালাক কার্যকর হয়ে গেছে। আইনের মর্ম অনুসারে এতে সালিসি পরিষদের কোনো ভূমিকা নেই। পরিষদ শুধু দুইপক্ষের মধ্যে আপস-মীমাংসার চেষ্টা চালাতে পারে। বিধিবদ্ধ সময়ের মধ্যে আপসের প্রচেষ্টা ব্যর্থ হলে আপনাআপনি তালাক কার্যকর হয়ে পড়ে। তা যতই বেদনাদায়ক হোক না কেন!