সানাইয়ের সুরে বিয়ে উৎসব শুরু
সানাইয়ের সুর, ঢোলের তাকধুম—এসব মিলে এক উৎসবমুখর পরিবেশ। আছে রংচঙে বাহারি পোশাক আর নানা বর্ণের রকমারি সজ্জা। এমন জাঁকাল আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাঙালির বিয়ের অনুষ্ঠানের ঐতিহ্য।
এই শীতে যাঁরা জাঁকজমক করে আপনজনের বিয়ের আয়োজন করার কথা ভাবছেন, আয়োজনটা মূলত তাঁদের ঘিরেই।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে সবার জন্য বিয়ে উৎসবের নানা পোশাক ও সাজসজ্জার এ জমকালো প্রদর্শন শুরু হয়েছে বেলা সাড়ে ১১টায়। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বিয়ের সব রং নিয়ে বর্ণিল এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।

জনিপ্রয় সংগীত শিল্পী হৃদয় খান-সুজানা ও মডেল আজরা-সাজিদ খান দম্পতি ফিতা কেটে এই বিয়ের উৎসবের উদ্বোধন করেন। তাঁদের স্বাগত জানান সংগীত শিল্পী কণা ও নির্ঝর। বেজে ওঠে বিয়ের সানাই। সানাইয়ের সুরে সুরে ওই দুই দম্পতিকে নিয়ে যাওয়া হয় মঞ্চে। সেখানে বিয়ে নিয়ে অভিজ্ঞতার বর্ণনা দেন অতিথিরা।
হৃদয় খান বলেন, ‘আমাদের বিয়েটা হয়েছিল একটা গ্রাম্য আবহ নিয়ে। আমরা সবকিছুতে দেশীয় পণ্য ব্যবহার করেছি। বাংলাদেশের সংস্কৃতিকে আমরাই এগিয়ে নিয়ে যেতে পারি। দেশের মধ্যে অনেক স্টাইল আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এ ধরনের আয়োজন আসলেই অসাধারণ।’
মডেল অভিনেত্রী সুজানা বলেন, ‘আমাদের দেশে কত ভালো পণ্য আছে, সেটা যতক্ষণ না আমরা ব্যবহার করব, ততক্ষণ বুঝব না। এ আয়োজনে এসে অনেক ভালো লাগছে।’
মডেল আজরা বলেন, ‘আমাদের বিয়েতে সব দেশীয় পোশাক ব্যবহার করেছি। এখানে খুব ভালো লাগছে।’ আজরার স্বামী সাজিদ খান বলেন, ‘এ ধরনের আয়োজন আসলে অসাধারণ। এ আয়োজন আরও এক বছর আগে হলে ভালো হতো।’

পরে সংগীত শিল্পী নির্ঝর বিয়ের জনপ্রিয় গান ‘হলদি বাটো, মেন্দি বাটো বাটো ফুলে মৌ...’ এবং কণা ‘আলতা, হলুদ, মেহেদি’ গানটি গেয়ে শোনান। তাঁদের সঙ্গে উপস্থিত অতিথিরা সুর মেলান। এ সময় পুরো অনুষ্ঠানে চলে আসে বিয়ের আবহ। বিয়েবাড়িতে পাড়ার মেয়েরা দলবেঁধে গান গান। গানের সুরে বিয়েবাড়ির উৎসব জমে ওঠে। ঠিক সেভাবেই জমে উঠেছে এ মেলা।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, চ্যানেল আইয়ের হেড অব প্রোগ্রাম শহীদুজ্জামান সাচ্চুসহ বিপুলসংখ্যক দর্শনার্থী। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন।

বিয়ের বাজার দেশেই
প্রথম আলোর ক্রোড়পত্র নকশা আর ইউনিলিভারের ব্র্যান্ড পন্ডসের আয়োজনে বিয়ে উৎসবের মূল ভাবনা ‘বিয়ের বাজার দেশেই’। দিনব্যাপী উৎসবে বিয়ের আয়োজনের সঙ্গে যুক্ত সেরা ব্র্যান্ড আর দেশি প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞরা। শাড়িটা কোন রঙের হবে, এ শাড়ির সঙ্গে বরের শেরওয়ানিটা মানাবে কি না, বর-কনের মঞ্চটা কেমন হবে—এমন সব প্রশ্নের উত্তর মিলছে বিয়ে উৎসবের আয়োজনে। বিয়ের আগে ত্বকের পরিচর্যা কী হওয়া উচিত তা নিয়ে পরামর্শ দিতে উপস্থিত রয়েছেন রূপবিশেষজ্ঞরা, বিয়ে আলোকচিত্রের আলাদা প্রস্তুতির কথাও জানাচ্ছেন ওয়েডিং ফটোগ্রাফাররা, বর-কনের পোশাক বিষয়ে পরামর্শ দিচ্ছেন দেশসেরা ফ্যাশন ডিজাইনাররা। রয়েছে বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়ে হলুদ, গৃহসজ্জা, প্রসাধন, রূপসজ্জা, মধুচন্দ্রিমায় বেড়ানো—এমন নানা অনুষঙ্গের সেরা দেশি ব্র্যান্ডগুলো। রয়েছে ছবি তুলে বা মজার আয়োজনে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগও। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো মেলা উপলক্ষে দিচ্ছে নানা ডিসকাউন্টের সুযোগও।

আয়োজনের সঙ্গী যারা
বিয়ের প্রসাধন নিয়ে রয়েছে ইউনিলিভার; পোশাকে মায়াসীর, ড্রেসিডেল, লুবনান, টাঙ্গাইল শাড়ি কুটির, মানিক বেনারসি; বিয়ের খাবার ও মিষ্টান্ন নিয়ে ফখরুদ্দিন ক্যাটারিং, ইকবাল ক্যাটারিং, মাস্টারশেফ সুবরাত আলী, প্রিমিয়াম সুইটস, রস, বিক্রমপুর সুইটস, পান-সুপারি; বিয়ের সাজসজ্জা নিয়ে পারসোনা, ফারজানা শাকিলস মেকওভার স্যালন, হারমনি স্পা; বিয়ের আলোকচিত্র নিয়ে ওয়েডিং ডায়েরি ও প্রীত রেজা ফটোগ্রাফি এবং ইশরাত আমিন ফটোগ্রাফি; গৃহ ও বিয়ের মঞ্চসজ্জা নিয়ে ইকেবানা ও ফুলতলা; বই নিয়ে প্রথমা প্রকাশন; গায়েহলুদের আয়োজন নিয়ে থাকবে বর-কনে; থাকবে আজাদ প্রোডাক্টসের বিয়ের কার্ড; মধুচন্দ্রিমায় বেড়ানোর আয়োজন করে দিতে থাকবে সি গাল হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা ও বেঙ্গল ট্যুরস; আর বিয়ের গয়না নিয়ে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড ও অ্যারাবিয়ানস।