
তিনিই যেন বড়দিনের প্রতীক। উজ্জ্বল লাল রঙের পোশাকে উপহারের থলে হাতে তিনি হাজির হন উপহার নিয়ে। মোটাসোটা মানুষটাকে সান্তা ক্লজ নামে চিনি। কিন্তু সান্তা ক্লজ এল কীভাবে? তা জানতে যেতে হবে তৃতীয় শতাব্দীতে।
প্রচলিত একটি গল্প আছে। গরিব এক বাবা অভাবে পড়ে তিন মেয়েকে ক্রীতদাসী হিসেবে বিক্রি করে দিতে চাইল। সন্ন্যাসী সেন্ট নিকোলাস অভাবগ্রস্ত সেই বাবার পাশে দাঁড়ালেন। একসময় মেয়েদের বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ উপহার দিলেন তিনি। তাদের বিয়ে হলো। অসম্মানের হাত থেকে রক্ষা পেল তিন বোন। সেই থেকে তিনি খ্রিষ্টধর্মের মানুষের কাছে শিশুদের রক্ষাকর্তা হিসেবে পরিচিতি পান।
বর্তমান তুরস্কে জন্ম নেওয়া সেন্ট নিকোলাসকে সে যুগে নেদারল্যান্ডসের মানুষ ডাকত ‘সিন্টার ক্লাস’ নামে। ১৭৭৩ সালের ডিসেম্বর মাসের কথা। যুক্তরাষ্ট্রপ্রবাসী নেদারল্যান্ডসের কিছু অধিবাসী নিউইয়র্ক শহরে সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী পালন করেন। ১৮০৯ সালে সেন্ট নিকোলাসের গল্পকে আমেরিকান লেখক ওয়াশিংটন ইরভিং আ হিস্ট্রি অব নিউইয়র্ক বইয়ে তুলে ধরেন। তখন থেকেই চরিত্রটি যুক্তরাষ্ট্রের মানুষের কাছেও জনপ্রিয়তা পায়।
এরপরই ধীরে ধীরে ডাচদের উচ্চারিত ‘সিন্টার ক্লাস’ শব্দযুগল ‘সান্তা ক্লজে’ রূপান্তরিত হয়। ১৮৯০ সাল থেকে স্যালভেশন আর্মি নামে একটি সংগঠন বড়দিনের সময় গরিব শিশুদের উপহার দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় তারা বেকার যুবকদের লাল রঙের পোশাক পরিয়ে উপহার কেনার টাকা জোগাড় করত। সান্তা ক্লজের প্রচলিত পোশাকটি মূলত এ সময়ই দ্রুত পরিচিতি পায়। সেই থেকেই সান্তা ক্লজ পরিণত হয় বড়দিনের অন্যতম প্রধান অনুষঙ্গে।
হিস্ট্রি ডট কম অবলম্বনে আকিব মো. সাতিল