সান্ধ্য গানের মোহময় আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ খুলশির মিউজিক নাইটে গান করছেন এক শিল্পী
দক্ষিণ খুলশির মিউজিক নাইটে গান করছেন এক শিল্পী

২২ মে শুক্রবার। ঘড়ির কাটায় তখন রাত আটটা। নিয়ন বাতির আলোয় ভিন্ন চেহারা পেয়েছে ব্যস্ত রাস্তা। ঠিক এ সময় রাস্তার পাশের ফুটপাতে গাড়ির ভেঁপুর শব্দের সঙ্গে পাল্লা দিয়ে গিটারে সুর তুলছে একদল তরুণ। খানিক বাদেই গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে বেজে উঠলো কিবোর্ড ও ড্রাম। ভেসে এলো গানের সুর। এভাবেই নগরীর দক্ষিণ খুলশী এলাকার এক নম্বর সড়কের বসেছিল সংগীতের আসর। ‘মিউজিক নাইট চিটাগাং’ শিরোনামে ফুটপাতের এই গানের আসর চলে রাত দশটা পর্যন্ত।
আলী ইশরাক রোদ্দুরের সঞ্চালনায় এ সংগীত আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য দেন মিউজিক নাইট চিটাগাংয়ের আহ্বায়ক তাহমিদ বিন এহতেশাম। তিনি বলেন, ‘জরাজীর্ণ ও হতাশাগ্রস্ত পরিবেশ থেকে বেরিয়ে এসে আনন্দময় সংগীত চর্চা ও জীবনবোধে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই আমাদের এ আয়োজন।’ এ সময় বিভিন্ন সংগীতকে চার দেয়ালের বাইরে ছড়িয়ে দিয়ে জীবনকে সহজ এবং উপভোগ্য করে তোলার আহ্বান জানান তিনি। কথামালা পর্ব শেষে শুরু হয় ‘অলটারনেটিভ রক’ ঘরানার সংগীত পরিবেশনা পর্ব। এ পর্বে একে একে অংশ নেয় চট্টগ্রামের নামীদামি ব্যান্ডদল ও এর শিল্পীরা। শুরুতেই আন্ডারগ্রাউন্ড ব্যান্ডদল ‘বসু রেইজ’ তাঁদের পরিবেশনা নিয়ে আসে মঞ্চে। এরপর একে একে এই আয়োজনে সংগীত পরিবেশন করে ‘পেরিশড অ্যাম্পায়ার’, ‘দা ট্রি’ এবং ‘এশেজ’ ব্যান্ডদলের সদস্যরা।