সাপ আতঙ্কে ওসি
সাপ আতঙ্কে নির্ঘুম রাত কাটছে কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরের। শান্তিতে বাসায় যে বসবেন সেই অবস্থাও নেই। কারণ, যখন তখন ঘরে ঢুকে পড়ছে বিষধর সাপ। থানার পেছনের বাসভবনে এই অবস্থার মধ্যে দিনযাপন করছেন তিনি।
থানার পুলিশসদস্যরা জানান, ৯ ফেব্রুয়ারি সকালে বাসার একটি খাটের নিচে দেখা মেলে তিনটি সাপ। তখন ওসি হইচই শুরু করলে এগিয়ে আসেন অন্যরা। এরপর সাপগুলো পাশের জঙ্গলে চলে যায়। এ রকম প্রায়ই ঘটছে।
জানা গেছে, ব্রিটিশ আমলে উখিয়ার এই থানা ভবনটি নির্মাণ করা হয়। সে সময় ভবনের পেছনে তৈরি করা হয় ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন, যা অনেকটা মগ সম্প্রদায়ের চেরাং ঘরের (বিশ্রামাগার) মতো। গাছ আর বাঁশের তৈরি ঘরটি টিনের ছাউনি দেওয়া। দীর্ঘদিন পর ২০১২ সালে থানা ভবনটি ভেঙে নতুন থানা ভবন নির্মাণ করা হয়। কিন্তু পেছনের ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবনটি আগের অবস্থায় রয়ে গেছে।
জাহিদুল কবির বলেন, ‘এটা বাসা নয়, সাপের অভয়ারণ্য। স্যাঁতসেঁতে এই টংঘরের গাছের খুঁটি, পাটাতন (তক্তা) ও ছাউনি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।’ তিনি এই থানায় যোগদান করেন ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) উখিয়া উপজেলা সভাপতি নূর মোহাম্মদ সিকদার এবং উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে জানান, আগে এই থানায় যাঁরা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন, তাঁরা বাসভবনে খুঁটির সঙ্গে কার্বলিক অ্যাসিড ভর্তি ছোট ছোট বোতল ঝুলিয়ে রাখতেন। পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পুরোনো কাঠের ঘরটি ভেঙে নতুন করে তৈরির চেষ্টা চলছে।